সাকিব আল হাসান, এনামুল হক জুনিয়র ও নাঈম ইসলামের পর এবার ইনজুরিতে পড়েছেন জাতীয় দলের শাহরিয়ার নাফীস। গতকাল মঙ্গলবার অনুশীলনের সময় ব্লেড দিয়ে ব্যাট খোঁচাতে গিয়ে তার বাঁ- হাতের তালু কেটে যায়। প্রাথমিকভাবে তালু ব্যান্ডেজ করা হয়েছে। কিন্তু কেটে যাওয়া ক্ষত শুকাতে কম করে হলেও সাতদিন সময় লাগবে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ডাক্তার দেবাশীষ চৌধুরী। সকালে অনুশীলন সেরে নিজের ব্যাট ব্লেড দিয়ে পরিষ্কার করার সময় নাফীসের হাতের তালু কেটে যায়। সাথে সাথে পাঁচটি সেলাই দিতে হয়েছে। বিসিবির ডাক্তার দেবাশীষ অবশ্য বললেন ক্ষত খুব বেশি না, ‘তার এই ব্যথা শুকাতে ৫/৭ দিন সময় লাগবে। ব্যথা শুকালেও সাথে সাথে ব্যাটও ধরতে পারবে না সে। পাঁচদিন যাওয়ার পর আমরা তাকে সফট বল দিয়ে ক্যাচ প্রাকটিস করাবো। আশা করছি দশদিনের মধ্যে সে পুরোপুরি সুস্থ হয়ে যাবে’। নাফীসের হঠাত্ এই ইনজুরি ভাবনায় ফেলেছে নির্বাচক কমিটিকে। কাল এ প্রসঙ্গে কথা বলতে গিয়ে প্রধান নির্বাচক আকরাম খান বলেন, ‘দলে সে থাকবে কি থাকবে না সেটা তাকেই সিদ্ধান্ত নিতে হবে। তার সাথে কথা বলে আমরা কাল (আজ) চূড়ান্ত সিদ্ধান্ত নিব’। এনামুলের পরিবর্তে ইলিয়াস সানি এবং নাঈমের পরিবর্তে মার্শাল আইয়ুবকে নেয়া হয়েছিল। এবার নাফীস খেলতে না পারলে নির্বাচকদের পছন্দের তালিকায় কে উঠে আসবেন? এই মুহূর্তে দু’জন ব্যাটসম্যানকে নিয়ে ভাবতে পারে নির্বাচক কমিটি। মোহাম্মদ আশরাফুল ও শামছুর রহমান শুভ। এই দু’জনের মধ্য থেকে একজন চূড়ান্ত স্কোয়াডে ঢুকতে পারেন বলে জানা গেছে। প্রধান নির্বাচক বললেন, ‘একজন বাঁ-হাতি স্পিনার নিয়েছিলাম বলে এনামের বিকল্প নেয়া গেছে। নাফীসের ব্যাপারটি সেরকম নয়। নেটে সে ভালো ব্যাটিং করেছে। আমরা ব্যাটিং কোচের সাথে কথা বলেছি, সেও বলেছেন, নাফীস খুব ভালো ব্যাটিং করছেন’। গতকাল সন্ধায় অবশ্য জানা গেল, আজকের অনুশীলনে মোহাম্মদ আশরাফুলকে ডাকা হয়েছে। ফলে তাকে নির্বাচকরা বিশেষ বিবেচনায় রাখছেন, এটা বলা যায়।
