ভারতের পশ্চিমবঙ্গের আনন্দপুরের একটি প্রত্যন্ত গ্রামাঞ্চল বেলেখালি। গ্রামীণ এবড়ো-থেবড়ো পথে শাকসবজি বোঝাই একটা ট্রাক আটকে আছে। মালামাল, শাকসবজি ইত্যাদির পাশে হালকা নীল জর্জেট শাড়ি পরা দুর্দান্ত এক সুন্দরী নারী বসে আছেন। তিনি বলিউডের শীর্ষ অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। মালবোঝাই ট্রাকে এভাবে তাকে বসে থাকতে দেখে অনেকে অবাক হচ্ছেন। এই প্রত্যন্ত গ্রামাঞ্চল বেলেখালিতে প্রিয়াঙ্কার কী কাজ, এখানে তিনি কী করছেন এই ট্রাকের মালপত্রের পাশে বসে? সবার মনে প্রশ্ন। নাহ্, মুম্বাই ছেড়ে পশ্চিমবঙ্গের প্রত্যন্ত গ্রামে বসবাস করতে আসেননি ৩০ বছর বয়সী সাবেক এই বিশ্বসুন্দরী অভিনেত্রী। নতুন ছবি ‘গুন্ডে’র শুটিং করতেই প্রিয়াঙ্কার এখানে আসা। ইয়াশরাজ ফিল্মসের নির্মাণাধীন এ ছবিতে প্রিয়াঙ্কা নায়িকা হয়েছেন অপেক্ষাকৃত জুনিয়র দুই নায়ক রণবীর সিং ও অর্জুন কাপুরের বিপরীতে। বলিউডে বিখ্যাত ব্যানার ইয়াশরাজ ফিল্মসের ‘পেয়ার ইম্পসিবল’ ছবিতে আগে অভিনয় করেছিলেন তিনি। এবার করছেন ‘গুন্ডে’ ছবিতে। এই মুহূর্তে বলিউডের সবেচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেত্রী প্রিয়াঙ্কা কাজ করছেন আরও বেশকিছু উল্লেখযোগ্য হিন্দি সিনেমায়। এর মধ্যে রয়েছে ৭০ দশকের ব্লক বাস্টার মুভি ‘জাঞ্জির’-এর রিমেক। আগের ছবিটিতে জয়া ভাদুড়ি যে চরিত্রে অভিনয় করেছিলেন এবার তার রিমেকে সে চরিত্রে প্রিয়াঙ্কা অভিনয় করছেন। এ ছবিতে তার বিপরীতে নায়ক হয়েছেন দক্ষিণী সুপারস্টার রামচরণ তেজা। আরেকটি উল্লেখযোগ্য ছবি ‘কৃষ থ্রি’তে প্রিয়াঙ্কা আছেন। সিক্যুয়েলের আগের ছবিটর মতো এখানেও তার নায়ক ঋত্বিক রোশন। সম্প্রতি প্রিয়াঙ্কা নির্মাণাধীন ‘শুট আউট অ্যাট ওয়াডালা’ ছবিতে একটি আইটেম সঙে পারফর্ম করেছেন। ‘বাবলি বদমাশ হ্যায়’ শিরোনামের আইটেম সঙটি এ ছবির বিশেষ আকর্ষণ হিসেবে বিবেচিত হবে বলে জানা গেছে।
বিশ্ব মহিলা বক্সিং চ্যাম্পিয়ন ভারতীয় বক্সার মেরি কমের জীবন কাহিনী নিয়ে প্রখ্যাত চিত্রনির্মাতা সঞ্জয় লীলা বানসালি সিনেমা তৈরি করছেন। যাতে মেরি কম চরিত্রে অভিনয় করবেন প্রিয়াঙ্কা চোপড়া। মেরি কম চরিত্রটি রুপালি পর্দায় যথাযথভাবে রূপায়ণের জন্য সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছেন তিনি। প্রিয়াঙ্কা এ জন্য নারী বক্সার মেরি কমের সঙ্গে চার মাসের বক্সিং ট্রেনিং নেবেন। অভিনীত চরিত্রটি যথাযথভাবে পর্দায় ফুটিয়ে তোলার জন্য তার সিরিয়াসনেস আগেও লক্ষ করা গেছে। গত বছরে মুক্তিপ্রাপ্ত ব্লকবাস্টার মুভি ‘বরফি’তে একজন অটিস্টিক তরুণী ঝিলমিল চরিত্রে প্রিয়াঙ্কার অসাধারণ অভিনয় সবাইকে আবিষ্ট করেছে। ঝিলমিল চরিত্রেটি বিশ্বাসযোগ্য করে তোলার জন্য অভিনয়ের আগে বহু অটিস্টিক প্রতিবন্ধী নারী-পুরুষের খুব কাছাকাছি গেছেন তিনি। তাদের সঙ্গে সময় কাটিয়েছেন। এভাবেই অটিস্টিক তরুণী ঝিলমিলের নানা ম্যানারিজম, আচরণ ইত্যাদি দর্শকদের কাছে বিশ্বাসযোগ্য করে তুলতে সক্ষম হয়েছেন। ‘বরফি’ ছবিতে অভিনয়ের সময় প্রিয়াঙ্কা তার গ্ল্যামারাস ইমেজ, শারীরিক সৌন্দর্য, সাজ-পোশাক ইত্যাদি পরোয়া করেননি। অভিনীত চরিত্র ও অভিনয়ের প্রতি মনোযোগী ছিলেন। যে কারণে দর্শক সমালোচকদের মতে ‘বরফি’ ছবিতে নাম ভূমিকায় রূপদানকারী রণবীর কাপুরকে টেক্কা দিয়েছেন প্রিয়াঙ্কা। এর আগে ‘ফ্যাশন’ ছবিতে একজন ফ্যাশন মডেলের চরিত্রে দুর্দান্ত অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ বেশ অনেকগুলো পুরস্কার জিতেছিলেন তিনি।
স্রেফ সুন্দরী গ্ল্যামারস আবেদনময়ী নায়িকা হিসেবে নয়, যেকোনো ধরনের জটিল চ্যালেঞ্জিং চরিত্র রূপায়ণে সক্ষম অভিনেত্রী হিসেবে এখন প্রিয়াঙ্কা বলিউডের সব নির্মাতার আস্থা অর্জন করেছেন। একজন নির্ভরযোগ্য ভালো অভিনেত্রী হিসেবে তার উপর ভরসা করতে পারছেন সবাই।
অভিনয়, মডেলিংয়ের পাশাপাশি প্রিয়াঙ্কা চোপড়া একজন সংগীত শিল্পী হিসেবেও নিজের যোগ্যতা প্রমাণ করেছেন। ২০০১-এ একটি তামিল ছবিতে গানে প্লেব্যাক করেছিলেন তিনি। এরপর বলিউডের ‘করম’ ছবির ‘টিনকা টিনকা’ গানটি তখন তিনি গান গাওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন। ‘ব্লাফ মাস্টার’ ছবির একটি গানে প্লেব্যাক করলেও শেষ পর্যন্ত তার গাওয়া গানটি ছবিতে থাকেনি কিংবা অ্যালবামেও প্রকাশিত হয়নি। ভেতরে ভেতরে গায়িকা হিসেবে প্রিয়াঙ্কার প্রস্তুতি থেমে থাকেনি। এর মধ্যেই নিজের অ্যালবামের জন্য অনেকগুলো গান লিখে ফেলেছেন। তার গাওয়া ‘ইন মাই সিটি’ গানটি ইতোমধ্যে ব্যাপক সাড়া জাগিয়েছেন দুনিয়াজুড়ে। এ গানটির জন্য প্রিয়াঙ্কা ওয়ার্ল্ড মিউজিক অ্যাওয়ার্ডে বেশ কয়েকটি ক্যাটাগরিতে মনোনয়ন লাভ করেছিলেন তিনি। সেরা নতুন গায়িকা হিসেবে পিপলস চয়েজ অ্যাওয়ার্ড ইন্ডিয়ায় পুরস্কার জিতেছেন প্রিয়াঙ্কা। ‘ইন মাই সিটি’ মিউজিক ভিডিওতে তার অপূর্ব পারফর্মেন্স সব বয়সী দর্শক-শ্রোতাকে আন্দোলিত করছে। সবাই এ গানটির জন্য প্রিয়াঙ্কার উচ্ছ্বসিত প্রশংসা করেছেন।
আগামী বছরে বলিউডে প্রিয়াঙ্কার ক্যারিয়ার এক যুগ পূর্ণ হবে। এরমধ্যে ৪৪টি ছবিতে অভিনয় করেছেন তিনি। সেই ‘আন্দাজ’ থেকে শুরু করে গত ১ ফেব্রুয়ারিতে মুক্তিপ্রাপ্ত ‘দিওয়ানা ম্যায় দিওয়ানা’ পর্যন্ত বিভিন্ন ছবিতে বিচিত্র সাজে বিভিন্ন রোলে তাকে দেখেছেন দর্শক। রোমান্টিক তরুণী থেকে শুরু করে সাত স্বামী হন্তারক নারী, ফ্যাশন মডেল, টিভি রিপোর্টার, অটিস্টিক তরুণী—যেকোনো ধরনের জটিল চ্যালেঞ্জিং রোলে অপূর্ব অভিনয়ের সক্ষমতা প্রিয়াঙ্কাকে এখন ভিন্ন এক উচ্চতায় পৌঁছে দিয়েছে। শাহরুখ খান থেকে শুরু করে রণবীর কাপুর, শহিদ কাপুর, ঋত্বিক রোশন এমনকি আজকের প্রজন্মের রণবীর সিং, অর্জুন কাপুরদের বিপরীতেও নিজেকে মানিয়ে নিচ্ছেন তিনি চমত্কারভাবে। সমসাময়িক ক্যাটরিনা, কারিনা দীপিকা, বিদ্যা বালানদের সঙ্গে প্রতিযোগিতা করে নিজের অবস্থানকে সুসংহত রেখেছেন। আগামী দিনগুলোতে প্রিয়াঙ্কা তার বহুমুখী প্রতিভা ও যোগ্যতার কারণে শোবিজে আরও উজ্জ্বল সুবিধাজনক অবস্থানে থাকবেন এটা নিশ্চিত করে বলে দেওয়া যায় এখনই।
