টানা ছয়দিন দরপতনের পর একদিন শেয়ারবাজারের সূচক বাড়লেও গতকাল আবার বড় ধরনের দরপতন হয়েছে। গতকাল দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রড সূচক ১১১ পয়েন্ট কমে চার হাজার পয়েন্টের নিচে নেমে এসেছে। লেনদেনও হয়েছে অনেক কম। বাজার বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে বিনিয়োগকারীদের মধ্যে আস্থাহীনতায় বাজার নিম্নমুখি হচ্ছে। এর মধ্যে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আজ দেলাওয়ার হোসাইন সাঈদীর বিচারের রায় ঘোষণা করার কথা রয়েছে। এতে রাজনৈতিক অস্থিতিশীলতা আরও তীব্র হয়ে উঠার আশঙ্কায় বাজারে নেতিবাচক প্রভাব পড়েছে।
তথ্যে দেখা গেছে, গতকাল ডিএসই’র ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ১১১ পয়েন্ট কমে ৩ হাজার ৯৫৬ পয়েন্ট আর সাধারণ মূল্যসূচক ১১২ পয়েন্ট কমে ৪ হাজার ৩৫ পয়েন্টে নেমে এসেছে। অন্যদিকে ডিএসই-৩০ মূল্যসূচক ৩৯ পয়েন্ট কমে ১ হাজার ৪২৫ পয়েন্টে নেমে এসেছে। এদিন ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৩২৪ কোটি ৫৮ লাখ ৭১ হাজার ৮২২ টাকা। যা আগের দিনের চেয়ে ৫৮ কোটি ১১ লাখ টাকা বেশি। লেনদেনকৃত ২৮১ টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ১৬ টির, কমেছে ২৫৪ টির এবং অপরিবর্তিত রয়েছে ১১ টি কোম্পানির শেয়ারের। এদিন ডিএসইতে হাত বদল হয়েছে ২৮১ টি কোমপানির ৮ কোটি ৭ লাখ ৬ হাজার ৬৯১ টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।
গতকাল চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ৩২৭ পয়েন্ট কমে ১২ হাজার ৪৪১ পয়েন্টে নেমে এসেছে। সিএসই-৩০ মূল্যসূচক ২৩৪ পয়েন্ট কমে ১০ হাজার ৭৮০ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ৪৪ কোটি ১ লাখ ৫৯ হাজার ২১৭ টাকা। লেনদেনকৃত ১৮৫টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৮ টির, কমেছে ১৬১ টির আর অপরিবর্তিত ছিল ৬টির শেয়ারের দাম।
ডিএসই সূত্র জানায়, পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩ প্রতিষ্ঠান সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ব্যাংকিং খাতের ইস্টার্ন ব্যাংকের পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর ২০১২ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ নগদ, ওষুধ ও রসায়ন খাতের গ্লাক্সো স্মিথক্লাইন ১৫০ শতাংশ নগদ এবং খাদ্য ও আনুষঙ্গিক খাতের বিএটিবিসি ৪০০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এর আগে ব্যাটবিসি অন্তর্বর্তীকালীন ১০০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল। এ নিয়ে প্রতিষ্ঠানটি সমাপ্ত অর্থবছরের জন্য ঘোষিত লভ্যাংশের পরিমাণ দাঁড়ায় ৫০০ শতাংশ নগদ। বিদায়ী বছরে ইস্টার্ন ব্যাংকের শেয়ার প্রতি আয় হয়েছে ৩ দশমিক ৭২ টাকা আর শেয়ারপ্রতি সম্পদ মূল্য হয়েছে ২৭ দশমিক ৯৯ টাকা। গ্লাক্সো স্মিথক্লাইনের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২০ দশমিক ২৫ টাকা আর শেয়ারপ্রতি সম্পদ (এনএভি) হয় ১২৩ দশমিক ৩২ টাকা। এছাড়া বিএটিবিসির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৬৫ দশমিক ৬৯ টাকা ও শেয়ারপ্রতি সম্পদ (এনএভি) হয়েছে ১১৭ দশমিক ২২ টাকা।
