দেশিয় অ্যাডহেসিভ শিল্প সুরক্ষার দাবি

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৩, ২০:১২
দেশিয় অ্যাডহেসিভ (জুতা তৈরির উপকরণ-আঠা) শিল্পের স্বার্থ সুরক্ষায় আমদানিকৃত অ্যাডহেসিভের ওপর সম্পূরক শুল্ক বৃদ্ধির দাবি জানিয়েছেন শিল্প উদ্যোক্তারা। একই সাথে তারা দেশে অ্যাডহেসিভ উত্পাদনের লক্ষ্যে এ শিল্পের কাঁচামাল আমদানির ক্ষেত্রে শুল্ক হ্রাসের জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। গতকাল বুধবার বাংলাদেশ অ্যাডহেসিভ ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (বিএএমএ) প্রকাশিত বিজনেস ম্যাগাজিন ‘বিএএমএ ফোকাস’-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তারা এ দাবি জানান। রাজধানীর মতিঝিলে সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারে এ প্রকাশনা উত্সবের আয়োজন করা হয়। শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া এতে প্রধান অতিথি ছিলেন। বাংলাদেশ অ্যাডহেসিভ ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (বিএএমএ) এর সভাপতি টি কে চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব মোরশেদ আলম, সমিতির মহাসচিব আতিকুল ইসলাম, উপদেষ্টা খবিরউদ্দিন খান, হাফিজউদ্দিন আহমেদ ও ম্যাগাজিন প্রকাশনা উপকমিটির আহবায়ক মোঃ সালাহ্উদ্দিন খান বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমানে দেশে প্রতি বছর প্রায় ১২ হাজার মেট্রিক টন অ্যাডহেসিভ উত্পাদিত হয়ে থাকে। এর বাজারমূল্য প্রায় সাড়ে ৩শ’ কোটি টাকা। জুতা প্রস্তুতসহ অ্যাডহেসিভ শিল্পখাতে প্রায় ২৫ লাখ লোকের কর্মসংস্থান জড়িত। আমদানি বিকল্প এ শিল্পে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করে বছরে প্রায় ৫শ’ কোটি টাকা সাশ্রয় হওয়ার পাশাপাশি ৪০ লাখ লোকের কর্মসংস্থানের সুযোগ রয়েছে বলে তারা উল্লেখ করেন।