এ দেশের পপগানের গুরু আজম খানের ৬৩ তম জন্মবার্ষিকী আজ। এবারই প্রথম পপগুরু’র মহাপ্রয়াণের পর তার জন্মদিন পালন করা হচ্ছে। পপগুরুর অনুরাগী এ দেশের সকল ব্যান্ডপ্রেমীরা। তার জন্মদিনে তাই বিনোদন প্রতিদিনের মাধ্যমে শুভেচ্ছা জানাতে কিছু খণ্ড স্মৃতির কথা বললেন তার কাছের মানুষেরা।
ফকির আলমগীর :কাউকে নিয়ে স্মৃতিচারণ করাটা সবচেয়ে কষ্টের। কোনটা রেখে কোনটা বলব। একসাথে বেড়ে উঠেছি। হিসেবে আজমের সবচেয়ে পরে যাওয়ার কথা। ফিরোজ সাইও। কিন্তু সবার লাশ আমার কাঁধ বয়ে শোয়াতে হলো। এর চেয়ে কষ্টের আর কী আছে। ও আমার রক্তের ভাই না হলেও তার চেয়ে বড় কিছু। ওর অসুস্থতার পরপরই সেই থেকে বাড়িতে ওর দেখাশোনা করার সময় বারবার বলত, সেই যুদ্ধকালীন সময়ের কথা। বারবার বলত, সময় কত দ্রুত চলে যায়। এখনও তো দেশটার শান্তি দেখে যেতে পারলাম না। আজকের এই গণ জাগরণে প্রতিটি তরুণের ভেতরে আজম খান আছে। হে বন্ধু তোমাকে জন্মদিনের শুভেচ্ছা।
আলম খান :কী আর বলব। বিভিন্ন অনুষ্ঠানে যখন বারবার আমাকে আমার ছোট ভাইয়ের স্মৃতির কথা বলার অনুরোধ করে। তখন বড় সংকুচিত হই। ও আমাদের পরিবারের সবার প্রিয় একজন ছিল। জীবনের শেষদিন পর্যন্ত ওর প্রাণোচ্ছল মুখটাই আমার ভাসে। আমার আর কিছু বলার নাই। ওকে আল্লাহ ভালো রাখুক। সব সময়ই। সর্বক্ষণ।
আইয়ুব বাচ্চু :আজম ভাই যেমন আমার বড় ভাই তেমনি ছিলেন প্রাণের বন্ধুর মতো। খুব মজা করতেন। জন্মদিনের কোনো বাড়াবাড়ি আয়োজনে বিশ্বাস করতেন না তিনি। কোন জন্মদিনে তাকে ফোন দিতেই বলত, আজ তোমার কিচেনে বসে জন্মদিন পালন করব। মনে আছে সেদিন সারাদিন খুব আড্ডা দিয়েছি গান করেছি। তাকে স্মরণ করে কোনো উক্তি নয়, গুরু আছে আমার প্রাণের ভেতর।
পার্থ বড়ুয়া :একসাথে গান গেয়েছি, আড্ডা দিয়েছি। আমরা অনেকেই তার গানের উন্মাদনা দেখেই ব্যান্ড মিউজিকে এসেছি। এ আর নতুন করে বলার কিছু নেই। আজকের শুভাশিষ নিশ্চয় গুরু শুনতে পাবেন। মনে পড়ে বেনসন অ্যান্ড হেজেসের স্টার সার্চ প্রতিযোগিতার ফাইনাল রাউন্ডের পর হোটেল শেরাটনে আমরা প্রায় সারারাত আড্ডা দিয়েছিলাম। কোনোভাবেই আমাদের কাউকে তিনি বাড়ি যেতে দেবেন না। আসলে পুরো বাংলাদেশটাই ছিল তার ঘরবাড়ি।
মাকসুদ :আমি জন্মদিন বলব না। এত বড় মাপের মানুষের জন্মদিন বলা ঠিক না। আমি বলি আজ আজম ভাইয়ের আবির্ভাব দিবস। সেই প্রাণের স্পন্দন ছাড়া তো আজকের আমরা কেউ না। কে ভেবেছিল, এভাবে মিউজিককে ভেঙেচুরে সবার ভেতর তারুণ্যের জোয়ার বইয়ে দেবে। এত নির্মোহ মানুষকে আদর্শ হিসেবে ভাবলে সবাই সত্যিকারের মানুষ হবে। হ্যাপি বার্থ ডে আজম ভাই। তুমি নিশ্চয়ই আমাদের কথা শুনছ।
