আমরা হাট বা বাজার শুনলেই মনে করি সেখানে বসেছে বিভিন্ন পণ্যের দোকান। কিন্তু পাবনায় মঙ্গলবার থেকে শুরু হয়েছে ব্যতিক্রমধর্মী কবুতরের হাট। সেখানে আছে-ব্লু হেনা, লাক্ষ্যা, হলুদ পোর্টার, সিলাভার সিরাজীসহ রং-বেরং এর দেশি-বিদেশি দুর্লভ প্রজাতির কবুতর। হাটের আয়োজকরা জানান, পাবনায় ছোট-বড় মিলিয়ে তিন শতাধিক কবুতরের খামার রয়েছে। এসব খামার থেকে অনেক বেকার যুবক জীবন-জীবিকা নির্বাহ করছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যবসায়ী ও সৌখিন পায়রা পালকরা পাবনার এসব খামার থেকে বিভিন্ন দুর্লভ জাতের কবুতর ক্রয় করে নিয়ে যায়। এতো দিন ব্যবসায়ী ও সৌখিন পায়রা পালকরা পাবনার বিভিন্ন এলাকায় গড়ে ওঠা পায়রা খামার ঘুরে ঘুরে পায়রা ক্রয় করতেন। ক্রেতা ও বিক্রেতার সুবিধার্থে খামারিরা শহরের বাইপাস মোড়ে বসিয়েছে এই পায়রার হাট। এ হাটে সর্বনিম্ন দুইশ’ টাকা থেকে সর্বোচ্চ দেড় লাখ টাকা পর্যন্ত এক জোড়া কবুতর বিক্রি হচ্ছে। আয়োজকরা আরো জানান, হাট সপ্তাহের প্রতি মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত খোলা থাকবে।
