টিটোর অভাব অনুভব করছে বার্সেলোনা

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৩, ২১:০০
বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা কোপা ডেল রে থেকে বিদায়ের পর দলটির কোচ টিটো ভিলানোভার অভাব অনুভূত হচ্ছে। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের কাছে গত মঙ্গলবার রাতে টুর্নামেন্টের সেমিফাইনালের ফিরতি লেগে ৩-১ গোলের হারের পর খোদ বার্সেলোনা সভাপতি স্যান্দ্রো রোসেল জানিয়েছেন এই অভাব বোধের কথা। কাতালান দলটির কোচ হিসেবে পেপ গার্ডিওলার প্রস্থানের পর ভিলোনোভা হাল ধরেছিলেন। কিন্তু গলায় ক্যান্সারের কারণে গত বছরের ডিসেম্বরে দ্বিতীয় দফায় অস্ত্রোপচারের পর নিউ ইয়র্কে অবস্থান করছেন তিনি। তার অবর্তমানে সাময়িকভাবে বার্সার দায়িত্বে রয়েছেন জর্দি রৌরা। বার্সেলোনার সাবেক খেলোয়াড় রৌরা এমন সময় দায়িত্ব নেন যখন মৌসুমের গুরুত্বপূর্ণ সময় চলছে। ন্যু ক্যাম্পে অনুষ্ঠিত খেলাটিতে কোচ হোসে মরিনহোর দলের রক্ষণভাগ ছিল সুশৃঙ্খল এবং আক্রমণ ছিল ধারালো। অপরদিকে, বার্সেলোনার রক্ষণভাগের চিড় দেখা গেছে চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর প্রথম লেগে এসি মিলানের খেলা থেকেই। ওই খেলাটিতে বার্সাকে ২-০ গোলে হারায় মিলান। টানা চার বার বিশ্বসেরার খেতাব জয় করা লিওনেল মেসিকে বলের অফুরন্ত যোগান দিতে ব্যর্থ ছিলেন জাভি, আন্দ্রেস ইনিয়েস্তা, সার্জিও বুসকেটসরা। গোল করাকে ছেলেখেলা বানিয়ে ফেলা মেসি পারলেন না এদিন সংকট থেকে দলকে বের করে আনতে। ইউরোপে মরিনহো যথেষ্ট অভিজ্ঞ। দুটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা তার নামের পাশে। দাপটের সাথে তিনি ইউরোপের বড় ক্লাবগুলোয় দায়িত্ব পালন করেছেন এবং করছেন। অন্যদিকে সাবেক খেলোয়াড় রৌরা সর্বোচ্চ পর্যায়ের কোচিংয়ে আগে ছিলেন না। সব মিলিয়ে বার্সেলোনার প্রেসিডেন্ট রোসেল দৃপ্ত কণ্ঠে বলেন, ‘টিটো ভিলানোভার অভাব বোধ করছি আমরা। সে আমাদের কোচ; আমাদের নেতা।’ সেই সাথে রোসেল নিশ্চিত করেছেন যে, চলতি সপ্তাহে তিনি নিউ ইয়র্ক যাবেন ভিলানোভাকে দেখতে। বার্সেলোনা ২০০৯ সালে ট্রেবল তথা চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা এবং কোপা ডেল রে’র শিরোপা জিতেছিল গার্দিওলার অধীনে। কোপা ডেল রে থেকে বিদায়ের পর এখন চ্যাম্পিয়ন্স লিগে কি ঘটবে তা অনিশ্চিত। কারণ মিলানের মাঠে প্রথম লেগে হেরেছে বার্সা। কেবল লা লিগা শিরোপা লড়াইয়ে তারা জেতার মতো অবস্থানে আছে। দ্বিতীয় স্থানে থাকা অ্যাতলেটিকো মাদ্রিদ থেকে তারা এগিয়ে রয়েছে ১২ পয়েন্টে। রোসেল মনে করেন, লা লিগা শিরোপা জয় করাটাও কম গুরুত্বপূর্ণ নয়। এই শিরোপা জয় প্রমাণ করবে তাদের দলটি সেরা।