বার্সেলোনা বধের নায়ক ক্রিস্টিয়ানো রোনালদো গত মঙ্গলবার নূ ক্যাম্পে দলীয় সাফল্যের পর সতীর্থদের সবার শতভাগ নৈপুণ্যের প্রশংসা করেন। কোপা ডেল রে’র ফিরতি লেগে বার্সেলোনাকে ৩-১ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে রোনালদোর দল। ২৮ বছর বয়সী পর্তুগীজ এই স্ট্রাইকার নিজেই খেলাটিতে জোড়া গোল করেন। কোচ হোসে মরিনহোর দল নিজেদের মাঠ স্যান্টিয়াগো বার্নাব্যুতে প্রথম লেগে সফরকারী বার্সেলোনার বিপক্ষে ১-১ গোলে ড্র করেছিল। দুই লেগ মিলিয়ে রিয়াল মাদ্রিদ ৪-২ ব্যবধানে জয় পেয়ে নিশ্চিত করে ফাইনালে। মে মাসে অনুষ্ঠেয় ফাইনালে মাদ্রিদের প্রতিপক্ষ হবে অ্যাতলেটিকো মাদ্রিদ ও সেভিয়ার মধ্যকার বিজয়ী দল। রিয়াল মাদ্রিদের খেলার ধরন এবং মানসিক ও শারীরিক শক্তিমত্তার প্রশংসা করেন রোনালদো। তিনি বলেন, ‘প্রথম থেকে শেষ মিনিট পর্যন্ত ভাল একটি ম্যাচ ছিল এটা। আমরা একনিষ্ঠ ছিলাম এবং দেখিয়েছি সেরাটা। অনেক ভাল খেলেছি এবং বিপক্ষের মাঠে করেছি তিন গোল। দুর্দান্তভাবে ভাল খেলেছি বলে আমরা অনেক খুশি। এটা সত্যি যে নিজেদের মাঠের চেয়ে এখানে আমরা ভাল খেলেছি।’ রোনালদোর পাশাপাশি গোল পেয়েছেন আগের লেগেও একই কৃতিত্ব দেখানো তরুণ ফুটবলার রাফায়েল ভারানেও। ১৯ বছর বয়সী সেন্ট্রাল ব্যাক ভারানে কর্নার থেকে উড়ে আসা বল শূন্যে লাফিয়ে উঠে হেডে গোল করে রিয়াল মাদ্রিদকে এগিয়ে দিয়েছিলেন ৩-০ ব্যবধানে। এল ক্লাসিকোয় এমন জয় স্মরণীয় করে রাখতে পারবেন ফ্রান্সের এই তরুণ তুর্কি। বার্সার সান্ত্বনাসূচক গোলটি করেন জর্দি আলবা। লা লিগায় বার্সেলোনা বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ থেকে ১৬ পয়েন্টের ব্যবধানে এগিয়ে থেকে পয়েন্ট টেবিলের এক নম্বরে রয়েছে। রোনালদো জানালেন যতটা সম্ভব সব টুর্নামেন্টেই ভাল করতে চান তারা। তিনি বলেন, ‘বার্সেলোনার বিপক্ষে খেলাটা সব সময় অনুপ্রেরণার। লা লিগা এখনো গুরুত্বপূর্ণ। আমাদের দৃষ্টি এখন লিগ এবং চ্যাম্পিয়ন্স লিগে। আমাদের চেষ্টা থাকবে যতটা সম্ভব সব কিছু জয় করার। প্রতিটি খেলোয়াড় শতভাগ দিচ্ছেন, এটা আত্মবিশ্বাস বাড়ায় চ্যাম্পিয়ন্স লিগের ভাল করার।’
এদিকে রোনালদোর সতীর্থ পেপ আগামী শনিবার লা লিগার খেলায় আবারো মুখোমুখি হতে যাওয়া বার্সেলোনার ম্যাচটিতে দৃষ্টি দিতে আগ্রহী। বার্নাব্যুতে হবে খেলাটি। এদিকে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে জয়ের পরও সংবাদ মাধ্যমের মুখোমুখি হননি মরিনহো। তার পরিবর্তে কথা বলেন ইনজুরির কারণে বেঞ্চে বসতে বাধ্য হওয়া গোলরক্ষক ইকার ক্যাসিয়াস।
