দু বা ই ও পে ন

ছুটছে জোকোভিচের জয়রথ

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৩, ২১:০০
সব ধরনের প্রতিযোগিতামূলক টেনিসে টানা চতুর্দশ জয়ের ভেতর দিয়ে নোভাক জোকোভিচ গত মঙ্গলবার পৌঁছে গেছেন দুবাই ওপেনের দ্বিতীয় রাউন্ডে। টুর্নামেন্টের প্রথম রাউন্ডে সার্বিয়ান এই তারকা ৬-১, ৬-৪ ব্যবধানে হারালেন স্বদেশী ভিক্টর ট্রোইচকিকে। জোকোভিচের জয়ের দিনে কষ্টার্জিত জয়ে দ্বিতীয় রাউন্ডে পা রেখেছেন আর্জেন্টিনার হুয়ান মার্টিন দেল পোত্রোও। গত বছরের অক্টোবরের পর থেকে আর কোন ম্যাচ হারেননি জোকোভিচ। এর মধ্যে আছে টানা তৃতীয় অস্ট্রেলিয়ান ওপেন শিরোপাও। দুবাই ওপেনের প্রথম রাউন্ডেও তাই স্বভাবতই ফেভারিট ছিলেন এই সার্বিয়ানই। দ্বিতীয় সেটে একবার ব্রেক পয়েন্ট হারানো ছাড়া পুরো ম্যাচে তাকে সমস্যায়ও পড়তে হয়নি খুব একটা। গত ফেব্রুয়ারি মাসে ডেভিস কাপের পরে গত মঙ্গলবারই প্রথমবারের মতো কোর্টে নামেন বিশ্ব র্যাঙ্কিংয়ের এক নাম্বার তারকা। প্রতিপক্ষের চেয়ে জোকোভিচের হয়তো বেশি ভয় ছিল নিজেকে নিয়েই। ম্যাচ শেষের সাক্ষাত্কারেও তাই কথা বলেছেন এই ব্যাপারেই, ‘গত তিন থেকে চার সপ্তাহের মধ্যে আমার কোর্টে নামা হয়নি। টুর্নামেন্টে ভালভাবে শুরু করার জন্য আমি দারুণ মনোযোগী ছিলাম এবং প্রথম সেটটিতে আমি আসলেই ভাল খেলতে পেরেছি।’ মার্কোস বাগতাদিসকে দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এক ম্যাচে ৪-৬,৬-৪,৭-৬ গেমে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে পা রেখেছেন এ মাসেই রটারডামে ইনডোর টেনিস চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে আসা দেল পোত্রো। ম্যাচের স্কোর লাইনই বলে দিচ্ছে মোটেও সহজে আসেনি তার জয়টা।