প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৯ সালে ঢাকায় পিলখানা বিডিআর সদর দফতরে নির্মমভাবে নিহত সেনা কর্মকর্তাদের পরিবারগুলোর কাছে গতকাল অনুদানের টাকার চেক হস্তান্তর করেছেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে (পিএমও) এক অনাড়ম্বর অনুষ্ঠানে নিহত অফিসারদের বিধবা স্ত্রী, সন্তান অথবা আত্মীয়-স্বজনরা এই চেক গ্রহণ করেন। নিয়ম অনুযায়ী ২০১৩ সালের জন্য প্রতিটি পরিবার ৪ লাখ ৮০ হাজার টাকার চেক গ্রহণ করেন। প্রতি মাসে প্রত্যেকটি পরিবারকে ৪০ হাজার টাকা প্রদানের প্রতিশ্রুতির প্রেক্ষিতে বাংলাদেশ এসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি) এই অর্থ প্রদান করে। ২৬টি ব্যাংকের এই এসোসিয়েশন ২০০৯ সাল থেকে ওই পরিবারগুলোকে এ অর্থ প্রদানের প্রতিশ্রুতি দেয়। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই সব পরিবারের সদস্যদের আপ্যায়ন করেন। এ সময় তিনি তাদের সঙ্গে কুশল বিনিময় করেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিকী, সেনা প্রধান জেনারেল ইকবাল করিম ভুঁইয়া ও বিএবি সভাপতি নজরুল ইসলাম মজুমদার এবং বিভিন্ন ব্যাংকের চেয়ারম্যান ও এমডিগণ এবং ঊর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
