বিএনপি নেতা আব্দুল আলীমের মানবতাবিরোধী অপরাধের মামলায় আইনজীবীকে ২ হাজার টাকা জরিমানা করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। প্রসিকিউশনের ১১তম সাক্ষীকে আসামি পক্ষের জেরার জন্য নির্ধারিত দিনে পর পর দুই কার্যদিবসে আসামি পক্ষের আইনজীবীরা উপস্থিত না হওয়াকে কেন্দ্র করে বার বার সময়ের আবেদন করায় এ জরিমানা করা হয়।
ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল গতকাল এ জরিমানা করে জরিমানার টাকা ট্রেজারি চালানের মাধ্যমে রাষ্র্বীয় কোষাগারে জমা দিয়ে তা ট্রাইব্যুনালের রেজিস্ট্রারকে জানাতে আদেশ দেয়া হয়েছে। আলীমের বিরুদ্ধে প্রসিকিউশনের ১১তম সাক্ষী শহীদ পরিবারের সদস্য দিলীপ কুমার চক্রবর্তীকে আসামি পক্ষের জেরার দিন ধার্য ছিল গত সোমবার। সেদিন আসামি পক্ষের আইনজীবীরা না আসায় এক আবেদনের প্রেক্ষিতে গতকাল বুধবার জেরার দিন পুনর্নির্ধারণ করা হয়। গতকালও আইনজীবীরা আসেননি।
আলীমের পক্ষে আইনজীবী এএইচএম আহসানুল হক হেনা ও আবু ইউসুফ মো. খলিলুর রহমান সাক্ষীদের জেরা করে আসছিলেন।
