দেশে মুক্তিযোদ্ধার সংখ্যা দুই লক্ষাধিক। এর মধ্যে মহিলা মুক্তিযোদ্ধা ২০৩ জন। অপরদিকে ৮৪ জন ভুয়া মুক্তিযোদ্ধার সনদ ও গেজেট বাতিল করা হয়েছে।
বুধবার বিকালে জাতীয় সংসদের অধিবেশন শুরু হলে টেবিলে উপস্থাপিত প্রশ্নোত্তরপর্বে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলাম সংসদকে এ তথ্য জানান। ডেপুটি স্পিকার কর্নেল (অব.) শওকত আলী এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন। বেগম ফরিদুন্নাহার লাইলীর প্রশ্নের জবাবে তিনি জানান, গত বছরের ২৪ ডিসেম্বর গেজেটে প্রকাশিত মুক্তিযোদ্ধার সংখ্যা দুই লাখ চার হাজার ৯২৯ জন। ভুয়া মুক্তিযোদ্ধাদের শনাক্ত করে তাদের সনদ ও গেজেট বাতিলের ব্যবস্থা গ্রহণ চলমান রয়েছে। এ পর্যন্ত এনএসআই’র সরেজমিন তদন্ত প্রতিবেদনের সুপারিশ অনুযায়ী ৮৪ জন ভুয়া মুক্তিযোদ্ধার সনদ ও গেজেট বাতিল করা হয়েছে।
একই বিষয়ে বেগম শাহিন মনোয়ারা হকের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, সরকারি পরিসংখ্যান অনুযায়ী দেশে মহিলা মুক্তিযোদ্ধার সংখ্যা ২০৩ জন। মো. শহীদুজ্জামান সরকারের প্রশ্নের জবাবে তিনি জানান, চলতি বছরের ২৪ জানুয়ারি পর্যন্ত আট হাজার ১৮৬ জনকে মুক্তিযোদ্ধা হিসাবে তালিকাভুক্ত করা হয়েছে। আর এটি করা হয়েছে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সিদ্ধান্ত, সেনা, বিজিবি ও সরকারি কর্মকমিশন থেকে প্রাপ্ত তালিকা ও হাইকোর্টের রায়ের প্রেক্ষিতে। বেগম নিলোফার চৌধুরী মনির প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, সারাদেশে শহীদ মুক্তিযোদ্ধার সংখ্যা দুই হাজার ৯৬৯ জন। আর যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এক হাজার ৯৪৭ জন।
