স্পিকারের অনুদানের অর্থ ১০ লাখ টাকা

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৪২
স্পিকার এবং ডেপুটি স্পিকারের অনুদানের টাকার অংক বাড়াতে বুধবার বিকালে জাতীয় সংসদে স্পিকার অ্যান্ড ডেপুটি স্পিকার (রেমুনারেশন অ্যান্ড প্রিভিলেজ) (অ্যামেন্ডমেন্ট) বিল-২০১৩ পাস হয়েছে। এর ফলে এখন থেকে অনুদানের অর্থের পরিমাণ সাড়ে চার লাখ থেকে ১০ লাখ টাকায় উন্নীত হলো। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ বিলটি উপস্থাপন করে পাস করার প্রস্তাব করলে কণ্ঠভোটে পাস হয়। বিলের উদ্দেশ্য ও কারণ সম্পর্কে বলা হয়েছে, বর্তমান সামাজিক প্রেক্ষাপটে স্পিকারের অনুদানের পরিমাণ ১০ লাখ টাকায় উন্নীত করার লক্ষ্যে বিলটি উত্থাপন করা হলো। প্রস্তাবিত বিলটি আইনে পরিণত হলে স্পিকার অনুদানের অর্থ অধিকতর জনকল্যাণমূলক কাজে ব্যয় করতে পারবেন বলে আশা করা যায়।