আমাকে পেছনে ফেলে সবাই
ফিরে আসে মেলা থেকে
এটা সেটা উলটে-পালটে দেখি
চেনা প্রকৃতির সাথে মেলে না কিছুই
অতএব কেবলই অন্বেষণ!
একদিন মেলা মানে জানতাম
প্রাপ্য প্রকৃতির বিপুল সমাহার
হাত বাড়ালেই মোয়া মুড়ি বাতাসার স্বাদ
বায়োস্কোপে পৃথিবী ভ্রমণ।
মেলা মানে করতোয়ার বালিয়াড়ী
বিন্না দিঘির গভীরতা
ধূলো-ধূসর পথ—যেখানে চলা মানে
চাকার শব্দ তুলে অতি ধীর গরুর গাড়ি
মেলা মানে এইসব সচল দৃশ্যাবলি
ঘুরেফিরে আসে।
অদৃশ্য হাতে হাতড়ে খুঁজি চেনা প্রকৃতি—
বালক সময়ে দেখা মেলা কই
সবকিছু উলটে-পালটে দেখতে দেখতে
বেলা বয়ে যায়
পেছনে ফেলে সবাই
ফিরে আসে মেলা থেকে
আমার কেবলই দেরি হয়ে যায়।
