প্রখ্যাত অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা বলেছেন, ‘জীবনে ভুল বলে কিছু নেই, সবই অভিজ্ঞতা।’
সম্প্রতি বৈশাখী টেলিভিশনের সেলিব্রেটি টক শো ‘শুধুই আড্ডা’য় এ কথা বলেন তিনি। আড্ডায় সুবর্ণা মুস্তাফা বলেছেন, ‘ভবিষ্যতে তিনি পরিচালনায় আসতে চান। নির্মাণ করতে চান চলচ্চিত্র। এ ছাড়া বিভিন্ন প্রশ্নের উত্তরে সুবর্ণা মুস্তাফা বলেন তার ক্যারিয়ার, দ্বিতীয় বিবাহ, হুমায়ূন ফরীদিসহ বর্তমান সংসারসহ সাম্প্রতিক প্রসঙ্গে। অনুষ্ঠানে সুবর্ণা মুস্তাফা বলেছেন নিজের সম্পর্কে অজানা আরও কথা। বলেছেন প্রিয় অভিনেতাদের কথা। ট্যালেন্ট হান্টের মাধ্যমে শিল্পী তৈরির বিষয়েও দিয়েছেন নিজের মতামত। এসএমএসের মাধ্যমে দর্শকদের পাঠানো নানা প্রশ্ন নিয়ে সুবর্ণা মুস্তাফার সঙ্গে এই আড্ডার অনুষ্ঠানটি গ্রন্থনা ও পরিচালনা করেছেন পলাশ মাহবুব। অনুষ্ঠান প্রসঙ্গে নির্মাতা বলেন, ‘অনুষ্ঠানটি আমরা বরেণ্য শিল্পীদের বায়োগ্রাফি তুলে ধরার চেষ্টা করি। একজন দর্শক যাতে তার প্রিয় তারকা সম্পর্কে একটি বিস্তারিত ধারণা পায় সেই ভাবনা থেকেই অনুষ্ঠানটি নির্মাণের পরিকল্পনা। তাই এটি গতানুগতিক টক শো থেকে একেবারে আলাদা।’ অনুষ্ঠানটি প্রচার হবে শনিবার রাত ৯টা ১০ মিনিটে।
