ডিএসই লেনদেন ২১৪ কোটি টাকা

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৩, ২০:১৫
জামায়াতের ডাকা হরতালের প্রভাবে গতকাল শেয়ারবাজারের লেনদেন কমেছে। রাজধানীর বিভিন্ন ব্রোকারেজ হাউস ঘুরে দেখা গেছে, বিনিয়োগকারীদের আনাগোনা কম। হরতালের কারণে বিনিয়োগকারীরা আসতে পারেননি। অনেকেই লেনদেন করছেন টেলিফোনের মাধ্যমে। এদিকে গতকাল সপ্তাহের শেষ কার্যদিবসে সূচক কিছুটা বাড়লেও লেনদেন কমার প্রবণতা বাজারের জন্য ইতিবাচক নয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তথ্যে দেখা গেছে, গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রড সূচক (ডিএসইএক্স) ১৬ পয়েন্ট বেড়ে ৩ হাজার ৯৭৩ পয়েন্টে দাঁড়িয়েছে। সাধারণ মূল্যসূচক বেড়েছে ১১ পয়েন্ট। আর ডিএসই-৩০ মূল্যসূচক ৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৪৩১ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন ডিএসইতে মোট লেনদেন হয়েছে ২১৪ কোটি ৩৯ লাখ ১২ হাজার ৭১০ টাকা। যা আগের দিনের চেয়ে ১১০ কোটি ১৯ লাখ টাকা কম। লেনদেনকৃত ২৭০টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৭৫টির, কমেছে ৭৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮টি কোম্পানির শেয়ারের। এছাড়া গতকাল ডিএসইতে মোট ২৭০টি কোম্পানির ৪ কোটি ৯৩ লাখ ২৭ হাজার ৬৭৪টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের হাত বদল হয়েছে। গতকাল চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ৩০ পয়েন্ট কমে ১২ হাজার ৪১০ পয়েন্টে নেমে এসেছে। সিএসই-৩০ মূল্যসূচক ২ পয়েন্ট কমে ১০ হাজার ৭৭৮ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ৪৪ কোটি ১ লাখ ৫৯ হাজার ২১৭ টাকা। লেনদেনকৃত ১৮৫টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৮টির, কমেছে ১৬১টির আর অপরিবর্তিত ছিল ৬টির শেয়ারের দাম। ডিএসই সূত্র জানায়, ডিএসইতে তালিকাভুক্ত আইপিডিসি’র পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর, ২০১২ সমাপ্ত অর্থ বছরের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ প্রদানের সুপারিশ করেছে। এর সংশ্লিষ্ট রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১১ মার্চ। সমাপ্ত অর্থ বছরের জন্য কোম্পানিটির শেয়ার প্রতি আয় ১ দশমিক ২৩ টাকা আর শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) ১৯ টাকা ৪৩ পয়সা। এছাড়া তালিকাভুক্ত ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড ৩১ ডিসেম্বর, ২০১২ সমাপ্ত অর্থ বছরের জন্য ১০ শতাংশ স্টক লভ্যাংশ (বোনাস শেয়ার) প্রদানের সুপারিশ করেছে। এ সংক্রন্ত রেকর্ড ডেট ২০ মার্চ। কোম্পানিটি জানিয়েছে, সমাপ্ত অর্থ বছরের জন্য কোম্পানিটির শেয়ার প্রতি আয় ১টাকা ১৩ পয়সা আর শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) ১৭ টাকা ৩ পয়সা।