নানা প্রতিকূলতা সত্ত্বেও চলতি অর্থবছরের প্রথম ৬ মাসে (জুলাই-ডিসেম্ব’১২) শিল্প খাতে ৭১ হাজার ৫৮৩ কোটি টাকার ঋণ বিতরণ করেছে বাণিজ্যিক ব্যাংক ও ব্যাংক বহির্ভুত আর্থিক প্রতিষ্ঠানগুলো। আগের অর্থবছরের একই সময়ে এ পরিমাণ ছিলো ৫৪ হাজার ১৬৩ কোটি টাকা। অর্থাত্ এক বছরের ব্যবধানে ১৭ হাজার ৪২০ কোটি টাকা বা ৩২ দশমিক ১৬ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। বাংলাদেশ ব্যাংকে সর্বশেষ হিসাবে এ তথ্য পাওয়া গেছে।
দেখা গেছে, আলোচ্য সময়ে ঋণের প্রবৃদ্ধি বাড়ার পাশাপাশি খেলাপী ঋণও কিছুটা বেড়েছে। চলতি অর্থবছরের ডিসেম্বর শেষে খেলাপী ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১০ হাজার ৫২৬ কোটি টাকা। আগের অর্থবছরের একই সময়ে এ পরিমাণ ছিলো ৭ হাজার ১৫৪ কোটি টাকা। এ হিসেবে খেলাপি ঋণের পরিমাণ বেড়েছে ৩ হাজার ৩৭২ কোটি টাকা যা ৪৭ দশমিক ১৩ শতাংশ বেশি। ডিসেম্বরর শেষে শিল্প খাতে মোট ঋণ স্থিতি দাঁড়িয়েছে এক লাখ ৬৫ হাজার ৫৯৫ কোটি টাকা। এ সময়ে আদায় হয়েছে ৫৭ হাজার ২৯৮ কোটি টাকা। আগের বছরের একই সময়ে আদায়ের পরিমাণ ছিলো ৩১ হাজার ৮৫৮ কোটি টাকা। এতে করে একই সময়ের তুলনায় আদায় বেশি হয়েছে ২৫ হাজার ৪৪০ কোটি টাকা যা প্রায় ৮০ শতাংশ।
বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগের মহা-ব্যবস্থাপক সুকোমল সিংহ চৌধুরী এ বিষয়ে বলেছেন, বড় শিল্পের তুলনায় ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতে ঋণ বিতরণ বাড়ার প্রভাবে সামগ্রিক শিল্প খাতে বিতরণ বেড়েছে। ঋণের আদায় ভাল থাকলেও অনেক বড় উদ্যোক্তা যথা সময়ে অর্থ পরিশোধ করতে না পারায় আগের বছরের একই সময়ের তুলনায় খেলাপি ঋণের পরিমাণ কিছুটা বেড়েছে। সংশ্লিষ্টরা বলছেন, দেশের শিল্পে উন্নয়নের ক্ষেত্রে অনেক সম্ভাবনা থাকলেও নানামুখী চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে। গ্যাস, বিদ্যুত্ ও অবকাঠামোগত খাতে উন্নতি না হওয়ায় দেশে কাঙ্ক্ষিত বিনিয়োগ হচ্ছে না। যেটুকু বিনিয়োগ হচ্ছে তা চাহিদার তুলনায় নগন্য।
