ফাইনালে অ্যাতলেটিকোকে পেল রিয়াল মাদ্রিদ

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৩, ২০:৩৩
রিয়াল মাদ্রিদ কোপা ডেল রে‘র ফাইনালে প্রতিপক্ষ হিসেবে পেল নগর প্রতিদ্বন্দ্বী অ্যাতলেটিকো মাদ্রিদকে। ফাইনালটি অনুষ্ঠিত হবে ১৮ মে। অ্যাতলেটিকো গত বুধবার সেমিফাইনালের ফিরতি লেগে নয়জনের সেভিয়ার বিপক্ষে ২-২ গোলে ড্র করে মাঠ ছাড়ে। দুই লেগ মিলিয়ে রিয়ালের পড়শিরা ৪-৩ গোলের ব্যবধানে জিতে ফাইনালে পৌঁছে যায়। অ্যাতলেটিকো নিজেদের মাঠে প্রথম লেগ ম্যাচে সেভিয়াকে ২-১ গোলে হারিয়েছিল। র্যামোন সানচেজ পিযজুয়ান স্টেডিয়ামে সফরকারীরা ম্যাচটিতে এগিয়ে গিয়েও পরবর্তীতে নিয়ন্ত্রণ হারিয়েছে। ডিয়েগো কস্টা ও রাদামেল ফ্যালকাও ২৯ মিনিটেই দলকে ২-০ গোলে এগিয়ে দিয়েছিল। সেভিয়ার জেসাস নেভাস ৩৯ মিনিটে একটি গোল শোধ করে দেন। ইনজুরি টাইমে নাটকীয়ভাবে স্বাগতিকদের সমতায় ফেরান ইভান রাকিটিক। লাল কার্ড নিয়ে মাঠ ছাড়েন সেভিয়ার গ্যারে মেডেল এবং জিওফ্রে কনডগবিয়া। মাদ্রিদের দল দুটি এই নিয়ে পঞ্চমবারের মত কোপা ডেল রে‘র ফাইনালে মুখোমুখি হচ্ছে। লা লিগায় রিয়াল মাদ্রিদ থেকে চার পয়েন্টে এগিয়ে আছে অ্যাতলেটিকো। রিয়াল অবশ্য ১৯৯৯ সালের পর মাদ্রিদ ডার্বি হারেনি ,ফলে এগিয়ে রয়েছে লস ব্লাঙ্কোসরা। কোপা ডেল রে তে বুধবারের ফল সেমিফাইনাল, দ্বিতীয় লেগ সেভিয়া ২ অ্যাতলেটিকো মাদ্রিদ ২