ক্রিকেট অস্ট্রেলিয়ায় চুক্তিতে আসছেন হেনরিকস

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৩, ২০:৩৪
উঠতি তারকা মইসেস হেনরিকসকে পুরস্কৃত করতে যাচ্ছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। চলতি গ্রীষ্মের বাকি সময়ের জন্য হেনরিকসকে এক লাখ ৯০ হাজার ডলারে চুক্তিবদ্ধ করতে যাচ্ছে সিএ। নিউজ ডট কম ডট এইউ রিপোর্টে এ কথা বলা হয়। ভারতে চলতি চার ম্যাচ টেস্ট সিরিজে ধারাবাহিকতা ধরে রাখতে পারলে আগামী জুলাই মাসে এ্যাশেজ সিরিজেও হয়তো দলে ডাক পাবেন হেনরিকস। নিজের ধারাবাহিকতায় খুুশি তো বটেই; সিএ-এর চুক্তিতে ঠাঁই পাওয়ার সম্ভাবনায় খুবই উল্লসিত এই তরুণ তারকা। তিনি আশা করছেন, এই চুক্তির প্রতি সম্মান রেখে আরও ধারাবাহিক পারফরম্যান্স করতে পারেন তিনি। ইনজুরি ও অধারাবাহিকতার দীর্ঘ পথ পাড়ি দিয়ে এই পর্যায়ে তাকে আসতে হয়েছে বলে উল্লেখ করেন হেনরিকস। তবে বর্তমানের প্রসঙ্গে বলতে গিয়ে নিজের একটু প্রশংসাই করলেন, ‘চলতি বছর ব্যাটিং-বোলিং দু’বিভাগেই বেশ ধারাবাহিক আছি আমি।’হেনরিকস গত মাসে শ্রীলংকার বিরুদ্ধে তিনটি ওয়ানডে ম্যাচে ৬ উইকেট শিকার করেছেন।