সাবেক চেলসির খেলোয়াড় দিদিয়ার দ্রগবার খেলা নিয়ে উয়েফার কাছে অভিযোগ করেছিল জামার্ন ক্লাব শালকে-০৪। জার্মান ক্লাবটির অভিযোগ ছিল , সময়সীমা শেষ হবার পর গ্যালাতাসারের হয়ে খেলার জন্য রেজিস্ট্রেশন করেন দ্রগবা। কিন্তু সেই অভিযোগ খতিয়ে দেখে ইউরোপিয়ান ফুটবল কর্তৃপক্ষ উয়েফা জানায়, ‘নিয়মানুযায়ী রেজিস্ট্রেশন সম্পন্ন করেছে দ্রগবা’।
চ্যাম্পিয়ন্স লীগের শেষ ষোলোর প্রথম লেগে খেলতে গ্যালাতাসারে যোগ দেন দ্রগবা। একাদশে থেকে ম্যাচে পুরো ৯০ মিনিটও খেলেন তিনি। আর শালকের বিপক্ষে ঐ ম্যাচটি ১-১ গোলে ড্রও করে দ্রগবার দল গ্যালাতাসার। ম্যাচ শেষে দ্রগবার খেলা নিয়েই প্রশ্ন তোলে শালকে। তাদের অভিযোগটি ছিল এমন, ‘সময়সীমা শেষ হবার পর সাংহাই শিনহুয়া থেকে চ্যাম্পিয়ন্স লীগ খেলতে গ্যালাতাসারের হয়ে রেজিস্ট্রেশন করেন দ্রগবা। তাই বিষয়টি খতিয়ে দেখে দ্রগবার ব্যাপারে ব্যবস্থা নেয়ার কথা জানায় জার্মান ক্লাবটি’।
শালকের অভিযোগের ভিত্তিতে সবকিছু খতিয়ে দেখে উয়েফা জানায়,‘নিয়মানুযায়ী রেজিস্ট্রেশন সম্পন্ন করেছে দ্রগবা’। এক বিবৃতিতে উয়েফা আরো জানায়, ‘রেজিস্ট্রেশনের সব কাগজপত্র পরীক্ষা-নিরীক্ষা করে দেখা গেছে, নিয়ম বজায় রেখেই রেজিস্ট্রেশন করেছে দ্রগবা। তাই শালকের আনা অভিযোগটি ভুল’।
আগামী ১২ মার্চ শেষ ষোলোর লড়াইয়ের দ্বিতীয় লেগে শালকের বিপক্ষে আবারও মুখোমুখি হবে গ্যালাতাসার। এদিকে, মাঠে দর্শকদের অসদাচরণের জন্য লাতসিওকে ৪০ হাজার ইউরো জরিমানা করেছে উয়েফা। সেই সাথে নিজেদের মাঠের পরবর্তী দুই ম্যাচ অন্যের মাঠে খেলার নির্দেশ দিয়েছে উয়েফা। এর আগে বর্ণবাদের কারণে গেল জানুয়ারিতে ১ লক্ষ ৪০ হাজার ইউরো জরিমানা হয়েছিল লাতসিও’র। —বাসস
