অস্ট্রেলিয়ায় ঘূর্ণিঝড়ের প্রভাবে ব্যাপক বৃষ্টিপাত

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৩, ২০:৪০
অস্ট্রেলিয়ার সম্পদ সমৃদ্ধ উত্তর-পশ্চিমাঞ্চলের দিকে ধেয়ে আসা বড় ধরনের ঘূর্ণিঝড় রাস্টি বুধবার আরো শক্তি সঞ্চয় করে ক্যাটাগরি চারে রূপ নিয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে অঞ্চলটিতে ঝড়ো বাতাস ও প্রবল বৃষ্টিপাত শুরু হয়েছে। এদিকে গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড় রাস্টি গতি ও শক্তি সঞ্চয় করে অস্ট্রেলিয়ার পিলবারা উপকূলের দিকে ধেয়ে আসছে। বুধবার সন্ধ্যায় পার্থের প্রায় ১ হাজার ৩০০ কিলোমিটার (৮০০ মাইল) পূর্বে এটি আঘাত হানতে পারে বলে অস্ট্রেলিয়ার আবহাওয়া ব্যুরো আশঙ্কা করছে এর প্রভাবে প্রবল বর্ষণ ও বন্যার সৃষ্টি হতে পারে। আবহাওয়াবিদ নীল বেনেট অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনকে বলেন, ‘রাস্টির প্রভাবে ২৪ ঘন্টায় মোট ৬০০ মিলিমিটার (২৪ ইঞ্চি) বৃষ্টি হতে পারে। আবহাওয়া ব্যুরো পূর্বাভাসে আরো বলেছে, ঝূর্ণিঝড়টির প্রভাবে পার্থে মাত্র তিনদিনে পুরো শীতকালের সমপরিমাণ বৃষ্টি হতে পারে। রাস্টির কারণে অস্ট্রেলিয়ার প্রধান লোহা রপ্তানির বন্দরগুলো কয়েকদিন ধরে বন্ধ রয়েছে এবং ঘূর্ণিঝড়প্রবণ এলাকার কয়েকশ’ লোক তাদের বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে অবস্থান নিয়েছেন।