অগ্রগতি ছাড়াই শেষ হলো ইরান পশ্চিমা পরমাণু আলোচনা

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৩, ২০:৪১
উল্লেখযোগ্য কোন অগ্রগতি ছাড়াই ইরানের সাথে ছয় বিশ্বশক্তির পরমাণু আলোচনা শেষ হয়েছে। বিশেষজ্ঞ পর্যায়ে আলোচনায় সম্মত হওয়ার মধ্য দিয়ে কাজাখস্তানের আলমাতিতে অনুষ্ঠিত ইরানের সঙ্গে বিশ্বের শক্তিধর ছয় জাতির দু’দিনব্যাপী আলোচনা বুধবার শেষ হয়েছে। বিশেষজ্ঞ পর্যায়ে পরবর্তী আলোচনার জন্য তুরস্কের ইস্তাম্বুলে বসতে দু’পক্ষ সম্মত হয়েছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় প্রেস টেলিভিশন। এই আলোচনাকে ইতিবাচক বললেও জট কাটল কিনা সে বিষয়ে নিশ্চিত করে কিছু জানাতে চায়নি কোনও পক্ষই। খবর রয়টার্স ও আল জাজিরার। মঙ্গলবার বৈঠক তিন ঘন্টা চললেও, বুধবার মাত্র এক ঘন্টাতেই শেষ হয়ে যায়। বৈঠক থেকে বের হয়ে ক্যাথরিন অ্যাস্টন জানান, বৈঠকে বেশকিছু বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। পরে সেগুলো প্রকাশ করা হবে। একই কথা বলেন ইরানের মধ্যস্থতাকারীও। দু’দিনের এ বৈঠকে পরমাণু সমৃদ্ধকরণের গতি হ্রাস করার বিনিময়ে ইরানের বিরুদ্ধে আরোপিত বাণিজ্যিক নিষেধাজ্ঞা আংশিক প্রত্যাহার করার প্রস্তাব দিয়েছে পশ্চিমা শক্তিগুলো। পরমাণু প্রকল্পের মাধ্যমে ইরান পরমাণু বোমা তৈরি করছে বলে সন্দেহ করছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স ও পশ্চিম জার্মানির মতো পশ্চিমা শক্তিগুলো। সম্প্রতি ইরানের বিরুদ্ধে কঠোর পশ্চিমা বাণিজ্যিক নিষেধাজ্ঞা আরোপিত হলে পরমাণু প্রকল্পে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের গতি বৃদ্ধি করে ইরান। ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাধ্যমে ইরান পরমাণু বোমা তৈরি করে ফেলতে পারে, এ আশঙ্কায় শঙ্কিত পশ্চিমা শক্তিগুলো ইউরেনিয়াম সমৃদ্ধকরণের গতি হ্রাস করার বিনিময়ে ইরানকে বাণিজ্যিক নিষেধাজ্ঞা ছাড় দেয়ার প্রস্তাব দিয়েছে। পশ্চিমাদের জোর সন্দেহ সত্ত্বেও নিজেদের পরমাণু প্রকল্পকে শান্তিপূর্ণ উদ্দেশ্যে নিয়োজিত বলে দাবী করে আসছে ইরান। ইরানে নিষেধাজ্ঞা আরোপের ফলে যে জটিল পরিস্থিতি সৃষ্টি হচ্ছে তাতে করে এ জট খোলা অত্যন্ত দুরূহ হবে।