যুক্তরাষ্ট্র ‘পৃথিবীকে হুকুম’ দিতে পারে না :হেগেল

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৩, ২০:৪২
নতুন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী চাক হেগেল বলেছেন, যুক্তরাষ্ট্র ‘পৃথিবীকে হুকুম’ দিতে পারে না এবং তারা অবশ্যই মিত্রদের সাথে নিয়ে কাজ করবে ও অন্য জাতির সাথে সম্পর্ক তৈরি করবে। বুধবার শপথ নেয়ার পর এক সংক্ষিপ্ত বক্তৃতায় তিনি এসব কথা বলেন। খবর এনডিটিভির। প্রতিরক্ষামন্ত্রী হিসেবে প্রথমদিন দায়িত্বপালন করতে গিয়ে হেগেল পেন্টাগনের সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের উদ্দেশ্যে দেয়া বক্তৃতায় একজন প্রতিরোধ যোদ্ধা হিসেবে তার ভূমিকার উপর জোর দেন। তিনি বলেন, ‘‘যুক্তরাষ্ট্র শক্তিশালী রাষ্ট্র হওয়া সত্ত্বেও মিত্রদের ছাড়া তার লক্ষ্য পূরণ সম্ভব নয়। আমি সব সময় বিশ্বাস করি, যুক্তরাষ্ট্রের ভূমিকা হলো পৃথিবীকে সম্পর্কিত করা। আমরা পৃৃথিবীকে হুকুম করতে পারি না।’’ ধারণা করা হচ্ছে, নবনিযুক্ত মার্কিন প্রতিরক্ষামন্ত্রীকে কিছু কঠিন পরিস্থিতির সমাধান করতে হবে। এর মধ্যে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার একটি গুরুত্বপূর্ণ বিষয়। পেন্টাগনে শ্রোতাদের উদ্দেশে হেগেল বলেন, চূড়ান্তভাবে যুক্তরাষ্ট্র হলো ‘ভালোর জন্য’ একটি শক্তি।