ঢাকা মহানগরীর গাছ রক্ষায় নেয়া সিদ্ধান্ত যথাযথভাবে পালন হচ্ছে না। গাছের স্বাভাবিক বেড়ে উঠা এবং ফুটপাত রক্ষায় সকল গাছের গোড়ার ঢালাই ভেঙ্গে ফেলার সিদ্ধান্ত নেয়া হয়েছে। একই সাথে বড় গাছের গোড়ায় ছয় ফুট এবং ছোট গাছের গোড়াই এক ফুট দূরত্বে ইটের গাথুনি দেয়ার নির্দেশ দেয়া হয়। কিছু এলাকার ফুটপাতের ঢালাই ইতিমধ্যে ভাঙ্গা হয়েছে।
অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের পরিবেশ সার্কেল থেকে ঢাকার সকল ফুটপাতের ঢালাই ভেঙ্গে ফাঁকা করার নির্দেশ দেয়া হয়। অবিভক্ত সিটি কর্পোরেশন থাকাকালীন এই কার্যক্রম শুরু হয়েছিল। সিটি কর্পোরেশন আলাদা হওয়ার পর থেকে সে কার্যক্রম থেমে গেছে। স্থবির হয়ে গেছে। এবিষয়ে নতুন করে কাজ শুরু করার জন্য সিটি কর্পোরেশনের বিভিন্ন অঞ্চলের নির্বাহী প্রকৌশলীদের গতসপ্তাহে চিঠি দেয়া হয়েছে।
সম্প্রতি অনুষ্ঠিত এক সভায় ঢাকা সিটি উত্তর ও দক্ষিণ উভয় এলাকায় নতুন করে গাছের গোড়ার ঢালাই ভেঙ্গে ইটের বেড়া অথবা রিং বসানোর সিদ্ধান্ত হয়েছে। প্রয়োজনে এবিষয়টি আগামী অর্থবছরের কর্মপরিকল্পনায় অন্তর্ভুক্ত করতে হবে। এই কার্যক্রম বাস্তবায়ন করতে প্রয়োজনীয় অর্থেরও ছাড় করা হবে। পক্ষীকুলের আশ্রয় ও খাদ্য নিশ্চিতকরণ প্রকল্পের উদ্ভাবক ও সমন্বয়কারী যশোধর প্রামাণিকের আবেদনের পর সিটি কর্পোরেশন এই সিদ্ধান্ত নিয়েছে।
যশোধর প্রামাণিক ইত্তেফাককে বলেন, গাছের গোড়ায় ঢালাই থাকাতে গাছ বেড়ে উঠতে পারছে না। গাছে প্রয়োজনীয় পানি যায় না। গোড়া সরু হয়ে যায়। গাছ সুস্থ না থাকলে সেখানে পাখিও ঠিক মত বসবে না। তাই গাছের গোড়ার ঢালাই ভেঙ্গে ফেলা খুবই জরুরি।
