রজার ফেদেরার সহজ জয়ে পৌঁছে গেছেন দুবাই ডিউটি ফ্রি টেনিস চ্যাম্পিয়নশিপের শেষ আটে। দ্বিতীয় রাউন্ডে গত বুধবার তিনি ৬-৩,৬-৪ গেমে হারান মার্সেল গ্রানোলারসকে। কষ্টার্জিত জয়ে কোয়ার্টার ফাইনালে পা রেখেছেন টুর্নামেন্টের শীর্ষ বাছাই এবং বিশ্বের এক নম্বর টেনিস তারকা নোভাক জোকোভিচও।
এই টুর্নামেন্টে নিজের ষষ্ঠ শিরোপার লক্ষ্য নিয়ে এ বছর কোর্টে নামা ফেদেরারকে কঠিন কোন চ্যালেঞ্জের মুখে পড়তে হয়নি তার স্প্যানিশ প্রতিপক্ষের বিরুদ্ধে। প্রথম সেটে বলতে গেলে কোন প্রতিদ্বন্দ্বিতাই গড়তে পারেননি গ্রানোলারস। ফেদেরারের দুর্দান্ত সব সার্ভিস এবং শক্তিশালী ফোরহ্যান্ডগুলোর সামনে অসহায়ই লাগছিল র্যাঙ্কিংয়ে ৩২ তম অবস্থানে থাকা গ্রানোলারসকে। তবে দ্বিতীয় সেটটি ছিল অপেক্ষাকৃত অনেক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। তবে অভিজ্ঞ ফেদেরারের কৌশলী গ্রাউন্ডস্ট্রোকগুলোর উপযুক্ত জবাব দেয়া সম্ভব হয়নি স্প্যানিশটির পক্ষে। ফলে মাত্র ৭১ মিনিটেই ম্যাচটি জিতে নেন রেকর্ড ১৫টি গ্রান্ড স্ল্যাম শিরোপাজয়ী এই তারকা। ম্যাচ শেষে ফেদেরার জয়ের কারণ হিসেবে বললেন নিজের পরিকল্পনার সার্থক বাস্তবায়ন ঘটাতে পারাকেই। তিনি বলেন, ‘আমি জানি ম্যাচে আমি ছিলাম দারুণ ক্ষিপ্র। আমি জানতাম (কোর্টে) আমি কি করতে চাই এবং সেটাই আমি করতে সক্ষম হয়েছি। সে (গ্রানোলারস) বার বারই নেটের দিকে এগিয়ে আসছিল। তাই আমি ভলি মারতে শুরু করলাম। এ ধরনের দ্রুতগতির কোর্টে আপনাকে হয়তো রক্ষণাত্মক কৌশলই বেছে নিতে হবে।’
ফেদেরারের পথ অনুসরণ করে শেষ আটে পৌঁছলেও জোকোভিচের জয়টা এতটা সহজে আসেনি। ৬-১,৭-৬(৪) গেমে হার মানার আগে সার্বিয়ান তারকাকে বেশ ভুগিয়েছেন তার প্রতিপক্ষ রবার্তো বাতিস্তা-অগাট।
যদিও ম্যাচের প্রথম সেটটি দেখে মনে হয়নি দ্বিতীয় সেটে এমন শক্ত প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হবে জোকোভিচের। কারণ একটি মাত্র পয়েন্ট খুইয়েই সেটটি জিতে নেন তিনি। তবে দ্বিতীয় সেটের শুরুতেই হঠাত্ করে মেজাজ হারিয়ে ফেলা সার্বিয়ান তারকার বিরুদ্ধে সমান তালেই লড়তে থাকেন অগাট। শেষ পর্যন্ত সেটটি গড়ায় টাইব্রেকারে। তবে দারুণ লড়ার পরেও সেখানে আর পরাজয় রোধ করা সম্ভব হয়নি অগাটের পক্ষে।
ফেভারিটদের দিনে জয় পেয়েছেন টমাস বার্ডিস এবং হুয়ান মার্টিন দেল পোত্রোও। জার্মানির টোবিয়াস কামকেকে ৭-৫,৬-১ গেমে হারিয়েছেন বার্ডিস। এনিয়ে ২০১৩ সালে চারটি টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে পা রাখলেন এই সুইস তারকা। প্রথম খেলোয়াড় হিসেবে শেষ আটে পা রাখলেও সময়ক্ষেপণের অভিযোগে মাঠে আম্পায়ারের সতর্কবার্তা শুনতে হয়েছে তাকে। প্রথম রাউন্ডে মার্কোস বাগতাদিসের বিরুদ্ধে তিনটি ম্যাচ পয়েন্ট বাঁচিয়ে পরের রাউন্ড নিশ্চিত করা দেল পোত্রোর বুধবারের জয়টা এসেছে তুলনামূলক সহজভাবেই। দর্শক সারিতে ফুটবল কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার সমর্থন সাথে নিয়ে সমদেভ ডেবারম্যানকে পোত্রো হারিয়েছেন ৬-৪,৬-৪ গেমে।
