অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে ৮ উইকেটের জয় পেলেও উদ্বোধনী জুটি নিয়ে ভারতীয় দলের শঙ্কা রয়েই গেছে। ওপেনিং-এ গৌতম গম্ভীরের জায়গায় সুযোগ পাওয়া মুরলি বিজয় দুই ইনিংসেই ব্যর্থ হয়েছেন। সবচেয়ে বেশি আশা করা হয়েছিলো বীরেন্দার শেবাগের কাছ থেকে কিন্তু শেবাগেরও একই অবস্থা।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের আগে ধারণা করা হয়েছিলো শেবাগ-গম্ভীর উভয়কেই দল থেকে বাদ দেবেন নির্বাচকরা। ‘অভিজ্ঞ’ তকমার কারণে এ যাত্রায় রেহাই পেয়েছেন শেবাগ। তবে দ্বিতীয় টেস্টে ভালো করতে না পারলেই দিল্লী ওপেনার দল থেকে বাদ পড়তে পারেন। ফাস্ট স্লিপে দুটি ক্যাচ মিস করা শেবাগ প্রথম ইনিংসে জেমস প্যাটনসনের পেসের বিরুদ্ধে ছিলো একেবারেই নড়বড়ে। দ্বিতীয় ইনিংসেও তার পারফরমেন্সের কোনো উন্নতি হয়নি। যার প্রমাণ মাত্র ৫০ রানের টার্গেটেই দু’উইকেট হারায় স্বাগতিকরা। একটি সূত্র টাইমস অব ইন্ডিয়াকে জানান, ‘ফর্মে ফেরার জন্য সে হায়দ্রাবাদে আরেকটি সুযোগ পাবে। তবে এটাই হতে পারে তার শেষ সুযোগ।’
সিনিয়র এ ব্যাটসম্যানের পক্ষে দাঁড়িয়েছেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি, ‘তার ব্যাটিং-এর ধরনটা খুবই ভালো। বীরু সম্পর্কে এমন কথা আমি বহুবার বলেছি। সে যখন রান পায় তখন তাকে চমত্কার একজন খেলোয়াড় মনে হয়। কিন্তু সে রান না পেলেই আপনারা তার শট সিলেকশন বা খেলার ধরন নিয়ে প্রশ্ন তোলেন।’
প্রথম ইনিংসে শেবাগের আউটটা দুর্ভাগ্যজনক বলেও মন্তব্য করেন অধিনায়ক, দ্বিতীয় ইনিংসে তার স্বাধীনভাবে খেলার মতো পেস ছিলো না। তাই তাকে আরো কিছুটা সময় দেয়া দরকার বলে আমি মনে করি।’
দলের সবচেয়ে বড় চিন্তার বিষয় বিজয়ও ভালো করতে পারেননি। উদ্বোধনী জুটি ভালো করতে না পারলেও মিডল অর্ডারে চাপ পড়ে যায়।—বাসস
