মরনে মরকেলের পরিবর্তে পাকিস্তানের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে দক্ষিণ আফ্রিকা দলে নেয়া হয়েছে ফাস্ট বোলার কাইল এ্যাবটকে। দ্বিতীয় টেস্টে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়া মরকেল এখনো সুস্থ হয়ে না ওঠায় তার বদলে দলে যুক্ত করা হয় এ্যাবটকে। মরকেলের ইনজুরির কারণে টেস্ট দলেও সুযোগ পান এ্যাবট। তৃতীয় ম্যাচে সুযোগ পেয়েই আন্তর্জাতিক অভিষেকে ৯ উইকেট শিকার করেন তিনি।
ওয়ানডে সিরিজের আগে দুই ম্যাচের টি-২০ সিরিজের দলেও দলে জায়গা পেয়েছেন তিনি। ক্রিকেট দক্ষিণ আফ্রিকার নির্বাচক কমিটির আহবায়ক এন্ড্রু হাডসন বলেন, ‘মরনে মরকেল এখন সুস্থ হয়ে উঠছেন। এ সময়ে আমরা আমাদের ফাস্ট বোলিংয়ের গভীরতা আরো বাড়ানোর কথা বিবেচনা করছি।’ ঘরোয়া ক্রিকেটে অসাধারণ পারফরমেন্স দেখিয়েই টেষ্ট দলে ডাক পান এ্যাবট। ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে ডলফিনসের হয়ে ৪৯ উইকেট পেয়েছেন তিনি। তারপর তাকে টেস্ট দলে ডাকা হয়। ডাডসন বলেন, এ্যাবট ‘খুবই সুন্দরভাবে বল সুয়িং’ করতে পারেন এবং টেস্টে সে তার দক্ষতার প্রমাণ দিয়েছে।
