পিরোজপুরের মঠবাড়িয়ায় যাত্রীবাহী বাস থেকে স্কুল ছাত্রী (১৩) অপহরণের ২৪ ঘন্টা অতিবাহিত হলেও অপহূতা ওই স্কুল ছাত্রীকে উদ্ধার করতে পারেনি স্থানীয় পুলিশ। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার সকালে মঠবাড়িয়া হতে ঢাকাগামী সাকুরা পরিবহনে বড় ভাইয়ের সাথে ওই স্কুল ছাত্রী ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়। বাস ছেড়ে ৩ কিলোমিটার দূরে যাওয়ার পর সকাল ৯টার দিকে স্থানীয় খোসালের বাড়ির সামনে ওত পেতে থাকা পৌর শহরের গয়ালিপাড়ার বাবুল মোল্লার বখাটে ছেলে সনেট (১৯) ও তার ৬ সহযোগী চলন্ত বাস থামিয়ে প্রকাশ্যে ওই স্কুল ছাত্রীকে অপহরণ করে মোটর সাইকেলযোগে নিয়ে যায়। এ ঘটনায় ওই স্কুল ছাত্রীর মা বাদি হয়ে বুধবার রাতে অপহরণের মূল নায়ক বখাটে সনেটসহ ৬ জনের বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। হাতেম আলী বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী।
অপহূতা ছাত্রীর মা জানান, বখাটে সনেট দীর্ঘদিন ধরে স্কুলে আসার-যাওয়া পথে তার মেয়েকে উত্ত্যক্ত করে আসছিল। মেয়েটির ভাই জানান, অপহরণকারীদের মধ্যে প্রতিবেশী সনেট, সাদ্দাম ও রুম্মানকে চিনলেও তিনি বাকিদের চেনেন না। তিনি আরো জানান, বোনকে অপহরণের সময় বাধা দিলে তাকে মারধর করে মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়।
