চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীর তীব্র ভাঙ্গনে সর্বস্বান্ত হয়েছেন লাখ লাখ মানুষ। জমি-জায়গা হরিয়ে বহু মানুষ দারিদ্র্যসীমার নীচে বসবাস করছেন। প্রকৃতির সঙ্গে লড়াই করে তাদের অনেকেই বসবাস করছেন চর এলাকায়। এইসব মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে এই জেলার শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর এবং পাঁকা ইউনিয়নে উন্নয়ন সংস্থা গ্রামীণ বহুমুখী সংস্থা (জিবাস) নদী ও জীবন-২ নামে একটি প্রকল্প বাস্তবায়ন করছে। এ প্রকল্পে অর্থায়ন করছে এক্সেঞ্চার নামে একটি সংস্থা এবং সহযোগিতা করছে কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড।
জিবাস’র নির্বাহী পরিচালক তরিকুল ইসলাম টুকু সরেজমিনে জানান, কর্মএলাকায় তৃণমূল দলের (গ্রাম সংগঠন) নেতৃবৃন্দের ন্যায্য অধিকার ও সরকারি সেবাসমূহ, ক্ষুদ্র উদ্যোক্তা ও আয়বর্ধন কাজের ব্যবস্থাপনা, উন্নত ও উপযুক্ত কৃষি প্রযুক্তিতে বসতভিটায় শাক-সবজি চাষ ও বাজারজাতকরণ বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়েছে। এই প্রশিক্ষণে তৃণমূল পর্যায়ের ২০টি ব্যাচে ৬৮ টি তৃণমূল দলের ৫শ’ নারী সদস্য অংশগ্রহণ করেন। পৃথক পৃথক প্রশিক্ষণে সেলাই মেশিন, কৃষি ও পশু পালন বিষয়ে এই সব নারীরা হাতে কলমে শিখছেন। এই প্রশিক্ষণে তারা ক্ষুদ্র উদ্যোক্তা ও আয়বর্ধন কাজের ব্যবস্থাপনা সম্পর্কে দক্ষতা অর্জন করে তাদের ব্যবহারিক জীবনে কাজে লাগিয়ে তারা তাদের পারিবারিক আয় বৃদ্ধি করতে পারবেন। টুকু বলেন, বসতভিটায় শাক-সবজি চাষ সম্পর্কে দক্ষতা অর্জনের পাশাপাশি নারী এবং শিশুদের অপুষ্টি দূর হবে এবং পরবর্তীতে উত্পাদক দলের অগ্রগামী সদস্যা হিসেবে তারা স্বাবলম্বী হবেন। এছাড়া বাজারজাতকরণে ভূমিকা রেখে শাক-সবজির ন্যায্য মূল্য নিশ্চিত করতে পারবে। তিনি বলেন, এই সব নারী এখন স্বাবলম্বী হবার স্বপ্ন দেখছেন। এই প্রশিক্ষণ তাদের জীবন মানোন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করেন।
তৃণমূল পর্যায়ের এই প্রশিক্ষণে শিবগঞ্জ উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. মিজানুর রহমান, উপজেলা সমাজসেবা অফিসার মো. রবিউল ইসলাম, উপজেলা সমবায় অফিসার মো. নাদিম উদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিদা আকতার, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মোঃ হারুনূর রশীদ, ভেটেরিনারি সার্জন ডা. মো. নিয়ায কাযমীর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাহমুদুল ফারুক ছাড়াও উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী কৃষিকর্মকর্তা জিয়াউল হক, মো. দুরুল হোদা, মো. হুমায়ুন কবীর এবং মো. সাদিকুল ইসলাম স্ব স্ব বিভাগের সেবাসমূহ প্রশিক্ষণার্থীদের সামনে তুলে ধরেন। প্রশিক্ষণে নদী ও জীবন-২ প্রকল্প ব্যবস্থাপক মো. মাহাবুব জামান তপনসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
