নারীর ক্ষমতায়নের মাধ্যমে জেন্ডার সমতাভিত্তিক সমাজ বিনির্মাণকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে মহিলা বিষয়ক অধিদপ্তর ও বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। গত ১৭ ফেব্রুয়ারি ইস্কাটন গার্ডেনে মহিলা বিষয়ক অধিদপ্তর কার্যালয়ে এ স্মারকে সই করেন অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো: আশরাফ হোসেন এবং ব্র্যাকের নির্বাহী পরিচালক ড. মাহবুব হোসেন। স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের পরিচালক কামাল উদ্দিন, উপপরিচালক (প্রশিক্ষণ) জাকিয়া ইয়াসমিন জোয়ার্দার এবং ব্র্যাকের গ্রপ সিএফও এস এন কৈরী, ব্র্যাক লার্নিং ডিভিশনের কর্মসূচি সম্বন্বয়কারী সাদেকুর রহমান খান প্রমুখ।
অনুষ্ঠানে জানানো হয়, মহিলা বিষয়ক অধিদপ্তর-এ নিবন্ধনকৃত মোট ১৬,৫০৯টি স্বেচ্ছাসেবী মহিলা সমিতির প্রতিটি থেকে তিনজন করে মোট ৪৯,৫২৭ জন সদস্যকে পর্যায়ক্রমে আগামী তিন বছরে প্রশিক্ষণ দেওয়া হবে। স্মারক অনুযায়ী ব্র্যাক লার্নিং ডিভিশন প্রথম বছরের জন্য নির্ধারিত সদস্যদের প্রশিক্ষণ প্রদান করবে।
