থাই সরকার ও মুসলিম বিদ্রোহীদের মধ্যে চুক্তি

আপডেট : ০১ মার্চ ২০১৩, ২০:২৯
থাইল্যান্ডের সরকার প্রথমবারের মতো মুসলিম বিদ্রোহীদের সাথে শান্তি আলোচনার চুক্তি করেছে। এর মাধ্যমে দেশটির দক্ষিণাঞ্চলে কয়েক দশক ধরে চলা সংঘাত শেষ হওয়ার আশা করা হচ্ছে। মুসলিম সংখ্যাগরিষ্ঠ ঐ এলাকায় সংঘর্ষে ২০০৪ সাল থেকে এখন পর্যন্ত পাঁচ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে। কর্মকর্তারা জানিয়েছে, একটি ‘সংলাপ প্রক্রিয়া’ শুরুর জন্য মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে চুক্তি স্বাক্ষর হয়েছে। থাইল্যান্ড এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর বৈঠকের পর বিষয়টির বিস্তারিত প্রকাশ করা হবে বলে আন্তর্জাতিক সংবাদ সংস্থা এপি জানিয়েছে। চুক্তি স্বাক্ষরকারী থাইল্যান্ডের জাতীয় নিরাপত্তা পরিষদের মহাসচিব প্যারাডর্ন প্যাট্টানাটাবুটর বলেছেন, অশান্তি মোকাবেলার জন্য সরকারের পক্ষ থেকে এটা আরেকটা উদ্যোগ। বিদ্রোহীদের কয়েকটি গ্রুপের একটি ন্যাশনাল লিবারেশন ফ্রন্টের (বিআরএন) সাথে থাইল্যান্ড সরকারের চুক্তিটি হয়েছে প্রতিবেশী দেশ মালয়েশিয়ায়।