ইউরোর বাজারে ধস
ইটালির নির্বাচনের ফলাফলের কারণে বাজার অশান্ত হয়ে পড়েছে। ইউরো এলাকার তৃতীয় বৃহত্তম অর্থনৈতিক শক্তি হিসেবে ইটালি সংস্কার ও ব্যয় সংকোচের পথে থাকতে পারবে কি না, তা নিয়ে গভীর সন্দেহ দেখা দিয়েছে। ফলে বাজারে ধস নেমেছে। ইউরোর বিনিময় মূল্য পড়ে গেছে। বাজারে ইটালির বন্ডের মূল্যও ধাক্কা খেয়েছে। ইটালির ভবিষ্যত্ নিয়ে গোটা ইউরোপ অনিশ্চয়তায় ভুগছে। ফলে ইটালির বিশাল ঋণভার রয়েছে। অর্থনীতির অবস্থা বেশ খারাপ। অর্থনীতি বিশেষজ্ঞ প্রধানমন্ত্রী হিসেবে মারিও মন্টি এতকাল কডা হাতে ব্যয় সংকোচ ও সংস্কারের কাজ চালিয়ে যাচ্ছিলেন। নির্বাচনের এই ফলাফলের পর আদৌ কোনো স্থিতিশীল সরকার গঠন করা সম্ভব হবে কি না, তা নিয়ে সন্দেহ রয়েছে। ফলে ইটালি কোন্ পথে এগোবে, কীভাবে ঋণের ভার কমাবে, অর্থনীতিকে কীভাবে চাঙ্গা করবে, কেউ তা জানে না। এর প্রভাব গোটা ইউরো এলাকার উপর পড়তে বাধ্য। —ডয়েচে ভেলে
অভিযোগের মুখে আফগান পুলিশ
আগামী এক বছরের মধ্যেই বিদেশী সৈন্যরা ধীরে ধীরে আফগানিস্তান থেকে বিদায় নেবে। দেশের নিরাপত্তা তথা আইন-শৃঙ্খলা রক্ষার ভার বর্তাবে আফগান সেনা আর পুলিশ বাহিনীর ওপরেই। দেশের দক্ষিণাঞ্চলে হেলমান্দ প্রদেশের সাঙ্গিনে ক্ষমতার এই হস্তান্তর আগামী মাসেই শেষ হয়ে যাবে । কিন্তু বিবিসির এক তদন্তে প্রকাশ পেয়েছে, সাঙ্গিনে আফগান পুলিশ বাহিনী নিজেরাই দুর্নীতি, মাদকের ব্যবহার, হত্যা বা শিশু নির্যাতনের মতো এমন সব আচরণে লিপ্ত- যা কোনওমতেই গ্রহণযোগ্য নয়। —বিবিসি
মুঠোফোনই হবে মানিব্যাগ
কাউকে ছোটখাট বার্তা পাঠানো, ইন্টারনেটে ঘাটাঘাটি কিংবা অন্য কারো সঙ্গে কথা বলা- সবই এখন করা সম্ভব হালের মুঠোফোনে। তবে এই যন্ত্রটিকে শুধু এই কাজে আটকে রাখতে রাজি নন প্রযুক্তিবিদরা। ভবিষ্যতে হয়তো আর পকেটে কাগজের টাকার নোট নিয়ে ঘুরতে হবে না। ঝামেলা থাকবে না পয়সা হিসেবের আর টাকা খুচরা করার বরং দোকানে গিয়ে মুঠোফোনটি ছোট্ট একটি যন্ত্রের সামনে ধরলেই হয়ে যাবে সব হিসেবনিকেশ। আপনার অ্যাকাউন্ট থেকে স্বয়ংক্রিয়ভাবে টাকা চলে যাবে বিক্রেতার কাছে। এমন দিন খুব বেশি দূরে নয়। এভাবে ব্যাপক আকারে কেনাকাটার জন্য তৈরি হয়েছে নতুন ধরনের ব্যবস্থা। এই পদ্ধতিতে সকল ধরনের প্রযুক্তিনির্ভর ‘ইলেক্ট্রনিক লেনদেন করা যাবে আরো সহজে, দ্রুত এবং নিরাপদ উপায়ে। -ডয়েচে ভেলে
