গত বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করে ভ্যাটিকান ছেড়েছেন রোমান ক্যাথলিক চার্চের সর্বোচ্চ ধর্মীয় নেতা পোপ ষোড়শ বেনেডিক্ট। বিদায়কালে পোপ শেষ বক্তব্যে বলেন, চূড়ান্ত তীর্থ যাত্রা শুরু হয়েছে তার। তিনি এখন শুধুই একজন পূণ্যার্থী। ভ্যাটিকান ছেড়ে রোমের কাছে ক্যাস্টেল গ্যান্ডোফে যাওয়ার আগে বেনেডিক্ট তার উত্তরসূরি যেই হন না কেন তার প্রতি নিঃশর্ত আনুগত্য প্রকাশ করেন। খবর বিডিনিউজের।
নতুন পোপ নির্বাচিত না হওয়া পর্যন্ত বিশ্বের রোমান ক্যাথলিক ধর্মালম্বীদের প্রধান ধর্মগুরু হিসেবে দায়িত্ব পালন করবে কার্ডিনাল টারসিসিও বার্তোনের নেতৃত্বাধীন কলেজ অব কার্ডিনালস। পোপের পদত্যাগের ঘটনা গত ছয়শ বছরের ইতিহাসে এটাই প্রথম। বার্ধক্যের কারণে অপ্রত্যাশিতভাবেই পদত্যাগের ঘোষণা দেন ৮৫ বছর বয়সি এই জার্মান ধর্মযাজক।
বৃহস্পতিবার বেনেডিক্ট আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করার পর শুক্রবার থেকেই বিশ্বব্যাপী ক্যাথলিক কার্ডিনালরা নতুন পোপ নির্বাচনের জটিল প্রক্রিয়া শুরু করেছেন। সোমবার প্রথামাফিক আলোচনা শুরুর আগে অনানুষ্ঠানিক আলোচনায় বসতে চাইছেন চার্চের নেতৃত্ব।
