৭/৮ মাস যাবত্ আমি পঙ্গু হয়ে ঘরে পড়ে আছি। টাকার অভাবে চিকিত্সা চলছে না। অনেকের কাছে সাহায্যের জন্য হাত পেতেছি, কিন্তু কেউ ফিরেও তাকায়নি। কথাগুলো বলতে বলতে হাউ মাউ করে কেঁদে ফেললেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী গৌরনদীর বীর মুক্তিযোদ্ধা আ. ওহাব পাইক (৭৫)। অভাবের তাড়নায় বাড়ি-ঘর বিক্রি করে দিয়েছেন বহু আগেই। নিরুপায় হয়ে বসবাস করছেন অন্যের পরিত্যক্ত একটি গরুর ঘরে।
স্ত্রীও অসুস্থ, বড় ছেলে রিক্সা চালিয়ে কোনমতে সংসার চালায়। গৌরনদী পৌরসভার টিকাশার মহল্লায় ওহাব পাইকের বাড়ি । ছোটবেলা থেকেই তিনি ছিলেন সংগীতমনা। বিভিন্ন যাত্রাদলে অভিনয় করেছেন তিনি। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের বাঁশীবাদক হিসেবে তিনি কাজ করেছেন। সংগীত শিল্পী হাসান ইমাম, সানজিদা খাতুনসহ বহু শিল্পীর সাথে কাজ করেছেন তিনি। এছাড়া বুলবুল ললিতকলা একাডেমিতেও কাজ করেছেন দীর্ঘদিন। স্বাধীনতা যুদ্ধ চলাকালীন তিনি গৌরনদীর নিজাম বাহিনীতে যোগ দিয়ে মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। গত ৬ মাস আগে পক্ষাঘাতে আক্রান্ত হয়ে তিনি পঙ্গুত্ববরণ করেছেন। এখন বাঁচার তাগিদে অসহায় ওহাব আলী সকলের সহযোগিতা চান।
