চেন্নাই টেস্ট আট উইকেটে জিতে চার ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে থাকা স্বাগতিক ভারতের বিরুদ্ধে আজ শনিবার হায়দ্রাবাদে দ্বিতীয় টেস্ট খেলতে নামছে সফরকারী অস্ট্রেলিয়া। অজিদের লক্ষ্য সিরিজে সমতা আনা। তাই সতর্ক ভারত। বাংলাদেশ সময় সকাল ১০টায় শুরু হবে খেলাটি।
অস্ট্রেলিয়ার আগে ভারত সফরে এসেছিল ইংল্যান্ড। সেই সফরের প্রথম টেস্ট বেশ দাপটেই জিতেছিল ভারত। তবে পরের তিন টেস্টে খুঁজেই পাওয়া যায়নি দাপুটে ভারতকে। মাঠে নিজেদের পারফরমেন্স দেখিয়ে শেষপর্যন্ত ২-১ ব্যবধানে চার ম্যাচের সিরিজ জিতে নেয় ইংল্যান্ড।
ইংলিশদের বিরুদ্ধে সিরিজটির মতই শুরু হয়েছে ভারত ও অস্ট্রেলিয়ার সিরিজ। চেন্নাইয়ে প্রথম টেস্টে অজিদের উপর আধিপত্য বিস্তার করে খেলে জয় দিয়েই সিরিজের যাত্রাটা সুখকর করলো ভারত। তবে এমন তৃপ্তিময় জয়ের পরও প্রশ্ন উঠেছে একটি। আর তা হলো- ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে যা হয়েছিল এ সিরিজেও কি তা হবে ভারতের?
এমন প্রশ্ন হয়তো ভারতের খেলোয়াড় ও টিম ম্যানেজমেন্টের মনেও জেগেছে। তাই তো প্রথম টেস্টের পরই তারা স্পষ্ট জানিয়ে দেন সিরিজই হলো মূল লক্ষ্য। সেই সাথে সিরিজের পরের তিন ম্যাচে খুবই সর্তক দলের সবাই। কারণ সর্বশেষ অস্ট্রেলিয়া সফরে যে হোয়াইটওয়াশ হয়েছিল ভারত। সেই হারের প্রতিশোধটা ওয়াইটওয়াশ করার মাধ্যমে না নিতে পারলেও, সিরিজে জয়ের মাধ্যমে নিতে চাইছে ডানকাল ফ্লেচারের শিষ্যরা।
সেই লক্ষ্যে শুরুটাও কিন্তু দুর্দান্ত হয়েছে ভারতের। সামনে থেকেই দলকে নেতৃত্ব দিয়েছেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। টেস্ট ক্যারিয়ারে ধোনির প্রথম ডাবল-সেঞ্চুরিতে কুপোকাত হয়ে যায় অস্ট্রেলিয়া। দলের জয়ে ধোনির সাথে দারুণ অবদান রেখেছে স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। ১৯৮ রানে ম্যাচে ১২ উইকেট শিকার করেছেন অশ্বিন। এছাড়া বিরাট কোহলির সেঞ্চুরি ও শচীন টেন্ডুলকারের ৮১ রানও ছিল খুবই গুরুত্বপূর্ণ।
ভারত যেখানে বেশ সতর্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের বাকি ম্যাচগুলো নিয়ে, সেখানে সিরিজে সমতা আনার লক্ষ্য সফরকারীদের। প্রথম টেস্টে নিজেদের পুরোপুরিভাবে মেলে ধরতে না পারলেও, দ্বিতীয় টেস্টে সেরাটা দিতে মুখিয়ে আছেন ওয়াটসন-ওয়ার্নার-ক্লার্করা।
তবে শুধু ব্যাটিং বিভাগেই নয় বোলারদের দিকে তাকিয়ে আছে অস্ট্রেলিয়ার টিম ম্যানেজমেন্ট। কারণ প্রথম টেস্টে একমাত্র জেমস প্যাটিনসন ছাড়াও আরও কেউ জ্বলে উঠতে পারেননি। আর তাতেই সর্বনাশটা বেশি হয়েছে অজিদের। বিশেষভাবে স্পিনার নাথান লিঁও। স্পিন উইকেটে ২৪৪ রান দিয়ে মাত্র চার উইকেট শিকার করেছেন লিঁও।
পক্ষান্তরে, স্পিন দিয়েই অজিদের ধসিয়ে দিয়েছে ভারত। তিন স্পিনার অশ্বিন, হরভজন ও জাদেজা তিনজন মিলে শিকার করেছেন অস্ট্রেলিয়ার ২০ উইকেট। তাই হায়দ্রাবাদ টেস্টে আরও একজন স্পিনার দলে নেয়ার চিন্তা-ভাবনা করছে অস্ট্রেলিয়া। ম্যাচের আগে উইকেটের অবস্থা দেখে সিদ্ধান্ত নেবে অজি টিম ম্যানেজমেন্ট। তবে দ্বিতীয় টেস্টের উইকেট নিয়ে বেশ খুশি অস্ট্রেলিয়ার অলরাউন্ডার শেন ওয়াটসন, ‘উইকেটটি দেখতে বেশ সুন্দর। টি-টুয়েন্টি ম্যাচে আমি এর আগে এই উইকেট দেখেছি। তবে আগের চাইতে এখনকার উইকেট অনেক ভিন্ন। আমার মনে হয় টেস্টের জন্য উইকেটটি বেশ ভালো। এমন উইকেটে ভালোই পেস ও বাউন্স হবে বলে মনে হয়। সেই সাথে ব্যাটসম্যানরাও সুবিধা পাবে।’-বাসস
