মার্চেই যাত্রা শুরু ফুটবল একাডেমির!

আপডেট : ০১ মার্চ ২০১৩, ২১:১৪
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বর্তমান কমিটির অন্যতম বড় প্রতিশ্রুতি ছিল দেশের ফুটবলের প্রথম একাডেমি তৈরি করা। সে কথা রাখার প্রায় দ্বারপ্রান্তে চলে এসেছে ফেডারেশন। জায়গা বরাদ্দ পাওয়ার কয়েকমাসের মধ্যেই সিলেট বিকেএসপিতে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) একাডেমির ফুটবলার প্রশিক্ষণের কাজ। চলতি মার্চেই শরু হবে একসঙ্গে বাছাইকরা একশ’ ফুটবলার প্রশিক্ষণ। এর উদ্বোধন করতে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশে আসার কথা রয়েছে ফিফা সভাপতি সেফ ব্লাটারের। ব্লাটারের আগমন ও আনুষ্ঠানিকভাবে ফুটবলার প্রশিক্ষণের জন্য সিলেট বিকেএসপির অবকাঠামো উন্নয়নে উদ্যোগ নিয়েছে বাফুফে। প্রসঙ্গত দেশের চারটি বিকেএসপির অন্যতম সিলেট সদর উপজেলার খাদিমপাড়া ইউনিয়নের দাসপাড়ায় ১৩ একর জমি নিয়ে প্রতিষ্ঠিত সিলেট বিকেএসপি। যেখানে দুটি ফুটবল মাঠ, একটি টেনিস কোর্ট, একটি জিমনেশিয়াম, একটি সুইমিংপুল ও ৪২ কক্ষ বিশিষ্ট আবাসিক হল রয়েছে। ইতিমধ্যে বাফুফে ফুটবল একাডেমির জন্য মাঠ খেলার উপযোগী করার জন্য কিছু সংস্কারমূলক কাজ হয়েছে। বাফুফে সূত্রে জানা গেছে, সিলেট সদর উপজেলার খাদিমপাড়া ইউনিয়নে বাইপাস সড়কের পাশে অবস্থিত এই একাডেমির জন্য শনিবার বিভিন্ন জিনিস কেনা হবে। জাতীয় ক্রীড়া পরিষদ সিলেট বিকেএসপির অবকাঠামো উন্নয়নের জন্য দুই কোটি টাকা বরাদ্দ করেছে। বাফুফের নির্দেশনা অনুযায়ী এই খরচটা হবে এনএসসির মাধ্যমে। বিকেএসপির প্রশাসনিক ভবন, হোস্টেল, স্টাফ কোয়ার্টার, ডাইনিং, কিচেন, দুটি মাঠ, জিমনেশিয়াম ও সুইমিংপুল ব্যবহার উপযোগী করতেই মূলত দুই কোটি টাকা ব্যয় হবে বলে জানিয়েছে বাফুফে। বাফুফে সূত্র জানায়, বরাদ্দকৃত টাকা হাতে পাওয়ায় পর কাজ দ্রুত এগিয়ে যাবে। জানা গেছে, ২০১১ সালের ১৮ ডিসেম্বর মাসিক ৫০ হাজার টাকা প্রদানের বিনিময়ে পাঁচ বছরের জন্য সিলেট বিকেএসপি হস্তান্তরের জন্য বিকেএসপির সঙ্গে চুক্তিবদ্ধ হয় বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এর আগে সিলেট বিকেএসপিতে বছরে কয়েকটি অনুষ্ঠান ছাড়া তেমন কার্যক্রম ছিল না। —বাংলা নিউজ