হরতালের কারণে পিছিয়ে গেল স্বাধীনতা কাপ ফুটবল। আগামীকাল রবিবার থেকে স্বাধীনতা কাপের বাছাইপর্ব শুরু হওয়ার কথা থাকলেও টানা তিনদিনের হরতালের কারণে টুর্নামেন্টটি শুরু হবে বুধবার থেকে।
বাছাইপর্বে তিনটি বিশ্ববিদ্যালয় ঢাকা, রাজশাহী ও জাহাঙ্গীরনগরসহ মোট ১৪টি দল এই টুর্নামেন্টে অংশ নেবে। প্রথমে নকআউটভিত্তিক পর্বে ৭টি ম্যাচ হবে। হেরে যাওয়া ৭টি দলের একটিকে লটারির মাধ্যমে পরবর্তী রাউন্ডে নেয়া হবে। আট দলের মধ্যে আবার চারটি নকআউট ম্যাচ শেষে বিজয়ী দুই দল উঠবে চূড়ান্ত পর্বে। যেখানে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ৯টি ও ২০১১ সালে সর্বশেষ স্বাধীনতা কাপের চ্যাম্পিয়ন ফরাশগঞ্জ সরাসরি খেলবে।
চূড়ান্ত পর্বে ১২টি দল খেলবে তিনটি গ্রুপে। তিন চ্যাম্পিয়নের সঙ্গে সেরা রানার্সআপ সেমিফাইনালে খেলবে। বাফুফে চাইছে স্বাধীনতা মাসের মধ্যে টুর্নামেন্ট শেষ করার। গতকাল শুক্রবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য দেন বাফুফের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুশের্দী।
স্বাধীনতা কাপ ফুটবলের তৃতীয় আসরটির পৃষ্ঠপোষকতা করছে বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা। এজন্য প্রতিষ্ঠানটি বাফুফেকে দিবে ১২ লাখ টাকা।
টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দলের জন্য ৫ লাখ ও রানার্সআপ দলকে ৩ লাখ টাকা পুরস্কার দেয়া হবে। সেমিফাইনালিস্ট বাকি দুই দলের জন্য থাকবে ৫০ হাজার টাকা করে। এছাড়া মূল পর্বে অংশগ্রহণকারী দলগুলোকে ২৫ হাজার টাকা করে দেয়া হবে।
