বাছাই পার হতে পারলেন না সিদ্দিকুর

আপডেট : ০১ মার্চ ২০১৩, ২১:১৫
পৃথিবীর অন্যতম মর্যাদাপূর্ণ গলফ টুর্নামেন্ট, ওপেন চ্যাম্পিয়নশিপের বাছাইপর্ব থেকে স্রেফ ভাগ্যের বিড়ম্বনায় বাদ পড়ে গেলেন বাংলাদেশের সেরা গলফার সিদ্দিকুর রহমান। দুই দিনব্যাপী দ্য ওপেন চ্যাম্পিয়নশিপ ইন্টারন্যাশনালের এশিয়ান অঞ্চলের চূড়ান্ত বাছাইপর্বে যৌথভাবে নবম হয়ে চূড়ান্ত পর্বে উন্নীত হতে ব্যর্থ হন সিদ্দিকুর। দ্য ওপেন চ্যাম্পিয়নশিপ যেটা ব্রিটিশ ওপেন নামেও পরিচিত, পেশাদার গলফের চারটি ওপেনের মধ্যে সবচেয়ে পুরোনো। স্কটল্যান্ডে আয়োজিত এই টুর্নামেন্টটি আয়োজন করে থাকে হোম অব গলফখ্যাত রয়্যাল অ্যান্ড অ্যানসিয়েন্ট গলফ ক্লাব অব সেন্ট অ্যান্ড্রুজ (দ্য আর অ্যান্ড এ)। বিভিন্ন মহাদেশের উঠতি তারকাদের সরাসরি খেলার সুযোগ দিতে ২০০৪ সাল থেকে বাছাইপর্বের আয়োজন করা হয়। জুলাইয়ে অনুষ্ঠেয় ওপেন চ্যাম্পিয়নশিপের জন্য এশিয়ান অঞ্চলের বাছাই ২৮ ফেব্রুয়ারি ও ১ মার্চ ব্যাংককের অ্যামাতা স্প্রিং কাউন্ট্রি ক্লাবে হয়। ৭২ পারের দুই রাউন্ডের প্রতিযোগিতায় প্রথম দিন দুর্দান্ত পারফরমেন্স করেন সিদ্দিকুর। নির্ধারিত শটের চেয়ে ৬ শট কম নিয়ে যুগ্মভাবে শীর্ষে ছিলেন দেশসেরা এই গলফার। তবে দ্বিতীয় রাউন্ডের খেলায় শুক্রবার ভাগ্য বিড়ম্বনার শিকার হন সিদ্দিকুর। ১৭তম হোলের খেলায় তিনি বল পানিতে ফেলে ডাবল বগির (নির্ধারিত শটের চেয়ে দুই শট বেশি) মুখে পড়েন। সবমিলিয়ে ১৩৯ শটে খেলে পারের চেয়ে ৫ শট এগিয়ে থাকেন। তবে নিকটতম প্রতিদ্বন্দ্ব্বীর চেয়ে তিন শট বেশি নেয়ায় চূড়ান্ত পর্বের টিকিট পেতে ব্যর্থ হন ২০১০ সালের ব্রুনাই ওপেনজয়ী এই গলফার। বাছাইপর্বে সবমিলিয়ে পারের চেয়ে ১৩তম কম নিয়ে প্রথম হন স্বাগতিক থাইল্যান্ডের কিরাদেচ আফিবানব্রাত। আন্ডার পার ৯ নিয়ে জাপানের হিদেকি মাতসুয়ামা রানার আপ এবং আন্ডার পার ৮ নিয়ে জাপানের দাইসুকে মারুয়ামা ও চীনের উ আশুন চূড়ান্ত পর্বের টিকিট নিশ্চিত করেন। এশিয়ান অঞ্চলের বাছাইপর্ব থেকে শীর্ষ চার গলফারকে দ্য ওপেন চ্যাম্পিয়নশিপে খেলার সুযোগ দেয়া হয়। আগামী ১৮ থেকে ২১ জুলাই স্কটল্যান্ডের ইস্ট লথিয়ানের মুইরফিল্ডে ৫ মিলিয়ন পাউন্ডের প্রতিযোগিতাটি হবে।—বাংলা নিউজ