শারীরিক সীমাবদ্ধতা দমাতে পারেনি তাকে

আপডেট : ০১ মার্চ ২০১৩, ২১:১৭
সকল প্রতিকূলতাকে জয় করে কোটালীপাড়া শেখ লুত্ফর রহমান সরকারি ডিগ্রী কলেজ কেন্দ্রে এবার এসএসসি পরীক্ষা দিচ্ছে শারীরিক প্রতিবন্ধী রতন মধু। কোন বাধা হার মানাতে পারেনি তাকে। বিকলাঙ্গ এই ছেলেটির দুটি হাত স্বাভাবিক নয়। দুটি হাতে তার একটি আঙ্গুলও নেই। ২০১২ সালের ৬ মার্চ বিদ্যুতায়িত হয়ে তার হাত দুটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। আর সেই থেকে শুরু হয় তার লড়াই। আঙ্গুলবিহীন হাতের অংশ ও মুখ দিয়েই লেখার কাজ দ্রুত চালিয়ে যাচ্ছে সে। পরীক্ষার হলে নিবিষ্টচিত্তে সে প্রশ্নের উত্তর লিখে চলেছে। মাঝে মাঝে দাঁড়িয়ে লিখতে হচ্ছে তাকে প্রশ্নের উত্তর। তার এই মনোযোগ ও মনোবল সবার দৃষ্টি কেড়েছে। উপজেলার শুয়াগ্রাম বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ছাত্র সে। জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় সে ভাল ফল করেছিল। তারা দুই ভাই দুই বোন। তার বাবা নিখিল মধু অন্যের জমিতে দিনমজুরের কাজ করে কোনমতে সংসার চালাচ্ছেন। তার বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রফুল্ল কুমার বিশ্বাস বলেন, রতন মধু একজন মেধাবী ছাত্র। শিক্ষা বোর্ডে তার জন্য রাইটার নিয়োগ করার আবেদন করা হলে ৮ম শ্রেণির একজন ছাত্রকে তারা নিয়োগ দিতে চান। কিন্তু রতন এতে রাজি না হয়ে নিজেই পরীক্ষায় অংশগ্রহণ করে। আমরা আশা করছি তার পরীক্ষার ফল ভাল হবে। তিনি বলেন, আমাদের সকলের উচিত প্রতিবন্ধী এই ছেলেটিকে সমাজে তার অধিকার প্রতিষ্ঠিত হতে সহযোগিতা করা যাতে পরবর্তীতে সে প্রতিবন্ধীদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হতে পারে।