লোহাগড়ায় চাল বিতরণ

চেয়ারম্যান মেম্বার অবরুদ্ধ হামলায় দুইজন আহত

আপডেট : ০১ মার্চ ২০১৩, ২১:১৭
লোহাগড়ার দিঘলিয়া ইউনিয়নে দরিদ্রদের মাঝে ভিজিডির চাল কম দেয়ার অভিযোগে জনতা ইউনিয়ন কার্যালয় ঘেরাও করে চেয়ারম্যান ও মেম্বারদের অবরুদ্ধ করে রাখে। মহিলা বিষয়ক কর্মকর্তা ঘটনাস্থলে উপস্থিত হলে উত্তেজিত জনতা ওই কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। জানা গেছে, বৃহস্পতিবার উপজেলার দিঘলিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ২৮৭ জন দরিদ্রের মাঝে মাথাপিছু ২৪ কেজি চাল দেয়ার নিয়ম থাকলেও ওই ইউনিয়নের চেয়ারম্যান ইমতিয়াজ আহম্মদ মাসুমের নেতৃত্বে কতিপয় মেম্বারের উপস্থিতিতে ১০৫ জনকে ১৫ কেজি করে চাল বিতরণ করা হয়। চাল কম দেয়ার খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসীদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। এ সময় বিক্ষুব্ধ জনতা ইউনিয়ন কার্যালয় ঘেরাও করে চেয়ারম্যান ও মেম্বারদের অবরুদ্ধ করে রাখে। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেবেকা খান মহিলা বিষয়ক কর্মকর্তা মৌসুমী মজুমদারকে ঘটনাস্থলে পাঠান। ঐ কর্মকর্তা ঘটনাস্থলে উপস্থিত হলে উত্তেজিত জনতা তাকে ঘিরে রাখে এবং তার স্বামী প্রভাষক সুজিত রায়কে (৪৮) শারীরিকভাবে লাঞ্ছিত করে। দিঘলিয়া ইউপির নোয়াগ্রামের জাহেদা (৩৮), তালবাড়িয়া গ্রামের মরিয়ম (৩৫), দিঘলিয়া গ্রামের কবিতা সাহা (৩৪) অভিযোগ করে বলেন, সংশ্লিষ্ট ওয়ার্ডের মেম্বাররা নগদ টাকার বিনিময়ে ভিজিডি কার্ড প্রদান করেছেন এবং শুরু থেকেই ভিজিডির চাল কম দেয়া হচ্ছে। চেয়ারম্যান ইমতিয়াজ আহম্মদ মাসুম এ বিষয়ে কোন সদুত্তর দিতে পারেননি। উপজেলা নির্বাহী কর্মকর্তা রেবেকা খান জানান, চাল কম দেয়ার ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।