চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনগুলোর উদ্যোগে বৃহস্পতিবার সকালে সাবেক মেয়র নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরীর নেতৃত্বে হরতালবিরোধী সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। এদিকে সাঈদীর ফাঁসির রায় ঘোষণার পর নগরীর বিভিন্ন স্থানে ভাংচুর ও নৈরাজ্যের প্রতিবাদে বিকালেও নিউমার্কেট এলাকায় প্রতিবাদ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য প্রদানকালে মহানগর আওয়ামী লীগ সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী বলেন, একাত্তরের যুদ্ধাপরাধী সাঈদীর ফাঁসির রায়ে জনগণের প্রত্যাশা পূরণ হয়েছে। তবে বিচারাধীন প্রতিটি যুদ্ধাপরাধীর ক্ষেত্রে এদেশের মানুষ সর্বোচ্চ সাজা চায়। তিনি বলেন, একাত্তরে এসব ঘাতক দেশে গণহত্যা, বুদ্ধিজীবী হত্যা, জ্বালাও- পোড়াও, ধর্ষণ করে যে মানবতাবিরোধী অপরাধ করেছিল তার সঠিক বিচার এবং বিচারের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এ জাতির কলংক মোচন হবে না।
সমাবেশ শেষে চট্টগ্রাম মহানগর যুবলীগের হরতালবিরোধী মিছিল নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জামালখান প্রেসক্লাব চত্বরে গণজারণ মঞ্চে এসে সংহতি প্রকাশ করে।
