বিগত কয়েক মাস যাবত্ ঘন ঘন হরতাল কর্মসূচি ও রাজনৈতিক সহিংসতায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। তারা উন্নয়নের স্বার্থে দেশের রাজনৈতিক দলগুলোকে সংঘাতের রাজনীতি পরিহার করে সংযম ও সমঝোতার নীতি অনুসরণ করে হরতাল ও সহিংস কর্মসূচি থেকে বিরত থাকার আহবান জানিয়েছে। পাশাপাশি এফবিসিসিআই’র পক্ষ থেকে আগামী ৩-৫ মার্চ ডাকা সকাল-সন্ধ্যা হরতাল প্রত্যাহারের দাবি জানিয়ে তা প্রত্যাখ্যানের জন্য দেশের ব্যবসায়ী সমাজের প্রতি আহবান জানানো হয়েছে।
গতকাল সংগঠনের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই আহবান জানিয়ে বলা হয়েছে, বিচারাধীন বিষয় নিয়ে রাজনৈতিক সহিংসতা বা দেশে অস্থিতিশীলতা সৃষ্টির কর্মসূচি দেশের ব্যবসায়ী সমাজ সমর্থন করে না। এসব আত্মঘাতীমূলক কার্যক্রম দেশের অর্থনীতিকে এক চূড়ান্ত বিপর্যয়ের দিকে নিয়ে যাচ্ছে, যা আমাদের কারোরেই কাম্য নয়। জনগণের জানমালের নিরাপত্তা ও দেশের উন্নয়নের স্বার্থে এ ধরনের সহিংসতা ও অস্থিতিশীলতা প্রতিরোধে সরকারকে কঠোর হস্তে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার অনুরোধ জানিয়েছে এফবিসিসিআই। এছাড়া গত ২৮ ফেব্রুয়ারির হরতালে দেশব্যাপী ব্যাপক সংহিংসতায় পুলিশসহ প্রায় অর্ধশতাধিক মূল্যবান জীবননাশ ও আহতের ঘটনায় সংগঠনের পক্ষ থেকে গভীর দুঃখ প্রকাশ করা হয়েছে।
এফবিসিসিআই আরো বলেছে, দেশের ব্যবসায়ী সমাজ বিচারব্যবস্থার প্রতি পরিপূর্ণ আস্থাশীল। তাই দেশে আইনের শাসন রক্ষার স্বার্থে বিচার ব্যবস্থার প্রতি ব্যবসায়ীদের সর্বোচ্চ শ্রদ্ধা প্রদর্শন করা একান্ত জরুরি।
হরতাল প্রত্যাহারের আহ্বান ইন্স্যুরেন্স এসোসিয়েশনের
এদিকে বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনও (বিআইএ) হরতাল প্রত্যাহারের আহ্বান জানিয়েছে। গতকাল এসোসিয়েশনের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই আহবান জানিয়ে বলা হয়েছে, বিআইএ মনে করে যে এই হরতালের ফলে দেশের অর্থনীতিতে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেবে এবং জনসাধারণের স্বাভাবিক জীবন যাপন বাধাগ্রস্ত হবে। আর হরতাল কোন সমাধানের পথও নয়। সমস্যা থাকলে তা আলোচনার মাধ্যমে সমাধান করার জন্য সংশ্লিষ্ট রাজনীতিকদের প্রতি আহ্বান জানিয়েছে বিআইএ।
