তরুণ প্রজন্ম প্রমাণ করেছে আমরা স্বাধীনতার চেতনায় একাত্ম

আপডেট : ০১ মার্চ ২০১৩, ২১:৩৪
আমার বাবাকে হত্যা করার বিষয়ে সাহায্য করা জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর অনেক ছোট অপরাধ। কারণ একটা নয় সাঈদী অসংখ্য জঘন্য অপরাধ করেছে । কাজেই তথ্য প্রমাণের ভিত্তিতে তার অপরাধ প্রমাণিত হয়েছে এবং রায়ে সর্বোচ্চ সাজা হয়েছে এটাই আসল কথা। কারণ দেশের মানুষের চাওয়াও ছিলো সর্বোচ্চ সাজা। এখন রায়কে তাড়াতাড়ি কার্যকর করতে হবে। বাচ্চু রাজাকারের সাজা ফাঁসি হওয়ায় জামায়াত-শিবির দেশব্যাপী যে তাণ্ডব চালিয়েছে , তাতে দেশবাসী আতঙ্কে ছিলো আমরা ন্যায় বিচার পাবো কিনা! দেশে ন্যায় বিচারের পক্ষে রায় দেয়ার পরিস্থিতি আছে কিনা। কারণ কাদের মোল্লার বিচারের রায়ে আমরা সন্তুষ্ট হতে পারিনি। তরুণ প্রজন্ম আমাদের উজ্জীবিত করেছে। তারা প্রমাণ করেছে আমরা এখনও স্বাধীনতার চেতনায় একাত্ম। আমার একটা ভয় ছিলো তরুণ প্রজন্ম মুক্তিযুদ্ধকে আমাদের মতো করে ধারণ করে কিনা। তারা কি শুধু কিছু পড়াশুনার মাধ্যমে কিছু তথ্য জেনে কিংবা শুনে বিষয়টা শেষ করে, একটা যুদ্ধই মনে করে আর কিছু না। কিন্তু এখন আমি নিশ্চিত আমাদের তরুণ প্রজন্ম গভীর আবেগ নিয়ে আমাদের মতো করেই মুক্তিযুদ্ধকে উপলব্ধি করে, হূদয়ে ধারণ করে, যা আমার জন্য অনেক বড় পাওয়া।