সংসদ উপনেতা ও স্থানীয় সংসদ সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীর গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার ভোরে শর্টসার্কিট থেকে উপজেলার গট্টি ইউনিয়নের রসুলপুর গ্রামের হামিদ মঞ্জিলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে সাজেদা চৌধুরীর শয়নকক্ষসহ দুটি শয়নকক্ষের আসবাবপত্র পুড়ে গেছে।
সালথা পল্লী বিদ্যুত্ অফিসের ইনচার্জ মো. মকবুল হোসেন বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাত্ক্ষণিকভাবে এলাকায় বিদ্যুত্ সরবরাহ বন্ধ করে দেয়া হয়। ফরিদপুর ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপক কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয় লোকজন আগুন নিভিয়ে ফেলে। সালথা উপজেলা চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন জানান, শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। সৈয়দা সাজেদা চৌধুরী আগুনের খবর পেয়ে গতকাল বিকালে ঢাকা থেকে বাড়িতে আসেন।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফরিদপুরের জেলা প্রশাসক মো. মইনউদ্দীন আহমেদ, পুলিশ কর্মকর্তা মো. শামসুল হক পিপিএম, সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল বারী, সালথা থানার ওসি মো. আফছার উদ্দীন আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
