ইকনোমিস্টের ব্লগে মন্তব্য

বাংলাদেশের ইতিহাসে রাজনৈতিক সহিংসতার জঘন্যতম দিন

আপডেট : ০১ মার্চ ২০১৩, ২২:৩৯
বৃহস্পতিবার জামায়াত ও শিবির সদস্যদের সাথে পুলিশের সংঘর্ষে ৩৫ জন নিহত হওয়ার ঘটনাকে আধুনিক বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে জঘন্যতম সহিংসতার দিন বলে ইকনোমিস্টের ব্লগে মন্তব্য করা হয়েছে। গতকাল শুক্রবার ব্রিটেন ভিত্তিক পত্রিকা ইকনোমিস্টের অনলাইনে ব্লগের বেনিয়ান শাখায় প্রকাশিত এ মন্তব্যে বলা হয়, আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে জামায়াতের নায়েবে আমীর দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে রায় দেয়ার পর জামায়াত শিবিরের সদস্যদের সাথে পুলিশের সহিংসতার ঘটনায় ২৪ ঘন্টায় ৩৫ জন মানুষের মৃত্যু হয়েছে যাদের মধ্যে চার জন পুলিশ সদস্যও রয়েছে। এদিন বাংলাদেশের দক্ষিণাঞ্চলে কয়েকটি হিন্দু বাড়ি ও মন্দিরেও হামলার ঘটনা ঘটেছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বর্ডার গার্ডস বাংলাদেশ (বিজিবি) এর সদস্য মোতায়েন করা হয়েছে। এতে বলা হয়, ট্রাইব্যুনালটি আসলে ১৯৭১ সালের যুদ্ধে নৃশংসতার অভিযোগে অভিযুক্তদের বিচার করার জন্য গঠিত দেশীয় আদালত। গত ২১ জানুয়ারি এ ট্রাইব্যুনাল প্রথম রায় দেয়। পরে ৫ ফেব্রুয়ারি দ্বিতীয় রায় দেয়ার পর থেকে এখন পর্যন্ত সংঘর্ষে মৃতের সংখ্যা ৫০ ছাড়িয়ে গেছে। মন্তব্যে বলা হয়, সাঈদীর রায়ের প্রতিক্রিয়ায় ইন্টারন্যাশনাল কমিশন অব জুরিস্টস বলেছে, নৃশংসতার জন্য দায়ীদের বিচারের আওতায় আনা উচিত, তবে প্রতিহিংসা চরিতার্থ করা যাবে না। এতে বলা হয়, ৫ ফেব্রুয়ারি জামায়াতের আরেক নেতা আবদুল কাদের মোল্লার যাবজ্জীবন কারাদণ্ড দেয়ার পর শাহবাগে ফাঁসির দাবিতে আন্দোলন শুরু হয়। এই মামলায় যে তিনজন বিচারপতি রায় দিয়েছেন, তাদের একজন মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষ্যের সামান্য কিছু অংশ শুনেছেন, আরেকজন কিছুই শোনেননি এবং তৃতীয়জন কোনো প্রমাণই প্রত্যক্ষ করেননি। মন্তব্যে আরো বলা হয়, এ বিচারকে আওয়ামী লীগ নির্বাচনে জেতার পথ হিসেবে দেখছে। ন্যায় বিচার নিশ্চিত করতে জাতিসংঘ বাংলাদেশের কাছে আহবান জানালেও তা বড় কোনো বিষয় নয়। বরং আওয়ামী লীগ মনে করছে, বিচার শেষ করলে আগামী নির্বাচনে দোদুল্যমান ভোটারদের পক্ষে টানা সম্ভব হবে।