সুলতানা হোসেন রুবীর কুলখানি অনুষ্ঠিত

আপডেট : ০১ মার্চ ২০১৩, ২২:৪৩
দেশের প্রথিতযশা সাংবাদিক তফাজ্জল হোসেন মানিক মিয়ার কনিষ্ঠ কন্যা দৈনিক ইত্তেফাকের পরিচালক সুলতানা হোসেন রুবী’র কুলখানি গতকাল শুক্রবার বাদ আছর রাজধানীর লালমাটিয়ার বিবির মসজিদে অনুষ্ঠিত হয়েছে। এ সময় তার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। গত বুধবার দুপুরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। কুলখানিতে মরহুমার মামা খন্দকার শাহাদাত হোসেন, বড় দুই ভাই ব্যারিস্টার মইনুল হোসেন ও ইত্তেফাক সম্পাদক আনোয়ার হোসেন, ইত্তেফাকের অন্যতম কার্যনির্বাহী পরিচালক ও মুদ্রাকর মুহিবুল আহসান শাওন, পরিচালক রেজাউল আহসান ফাগুনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্ক্ষীরা অংশ নেন। মোনাজাত পরিচালনা করেন স্থানীয় বায়তুল ফালাহ মাদ্রাসার প্রিন্সিপাল হাফেজ মওলানা আবু তালহা। এ সময় আরও উপস্থিত ছিলেন ইত্তেফাকের সাবেক নির্বাহী সম্পাদক হাসান শাহরিয়ার, জাতীয় পার্টি-জেপি মহাসচিব শেখ শহিদুল ইসলাম, ইত্তেফাক সাংবাদিক-শ্রমিক-কর্মচারী স্টিয়ারিং কমিটির সভাপতি ও ডিইউজে’র ইউনিট চিফ আবুল খায়ের, ডেপুটি ইউনিট চিফ খন্দকার গোলাম জিলানী, কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক দীপক চন্দ্র রায়, ওয়ার্কার্স ইউনিয়নের সাবেক সভাপতি ফজলে ইমাম, বর্তমান সাধারণ সম্পাদক মো. গোলাম সরওয়ার আজাদ, বাংলাদেশ সংবাদপত্র কর্মচারী ফেডারেশনের মহাসচিব মতিউর রহমান তালুকদার প্রমুখ। এছাড়াও ইত্তেফাক ও জেপি’র অসংখ্য কর্মী কুলখানিতে অংশ নেন।