গোপালগঞ্জে ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষ আহত ৩৫

আপডেট : ০১ মার্চ ২০১৩, ২২:৪৩
গোপালগঞ্জের কাশিয়ানীতে কলেজ সংসদ নির্বাচন নিয়ে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে কমপক্ষে ৩৫ জন আহত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় কাশিয়ানী উপজেলা সদরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। মারাত্মক আহত জুয়েল রানাকে ফরিদপুর, ফয়সাল, আসলাম, পিয়াল, মেহেদী হাসান, তুহিন, লিখন, একলাছ, ইমরান, শাহ আলম ও রাজ্জাককে কাশিয়ানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানান, কাশিয়ানী এম, এ খালেক কলেজের ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রলীগের আজাদ মৃধা ও সামিউল আলম পিটার পৃথক প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে আজাদ মৃধা পূর্ণ প্যানেলে জয় লাভ করে। আজাদের সমর্থকরা সন্ধ্যার দিকে বিজয় মিছিল বের করে। মিছিলে পরাজিত পিটারের সমর্থকরা হামলা করে। পরে দু’পক্ষের সমর্থকরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হলে উভয় পক্ষের ৩৫ জন আহত হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কাশিয়ানী থানার ওসি (তদন্ত) মোঃ বেলায়েত হোসেন এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।