আর্থিক লেনদেনে সম্পৃক্ত হওয়ার নতুন চ্যালেঞ্জ ঘোষণার মধ্য দিয়ে শেষ হল মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসের ৪ দিনব্যাপী ১৮তম আসর। ২০১০ সাল পর্যন্ত মোবাইল বিশ্বের লক্ষ্য ছিল মোবাইল ফোনের ভয়েস কলের আওতায় প্রতিবছর আরো বেশি গ্রাহক বাড়ানো। আর ২০১২ সাল পর্যন্ত মূল টার্গেট ছিল মোবাইল ইন্টারনেট ও ডাটা সার্ভিসসেবা সম্প্রসারণ। ২০১৩ সালে এসে মোবাইল দুনিয়ার চোখ মানুষের প্রাত্যাহিক অর্থনৈতিক কর্মকাণ্ডে মোবাইল ফোনকে অপরিহার্য করে তোলা। এজন্য মোবাইলভিত্তিক অর্থনৈতিক সেবা ‘এনএফসি’র সম্প্রসারণকে মূল লক্ষ্য হিসেবে নেয়া হয়েছে।
এই সেক্টরের অন্যতম বিশ্লেষক পল ল্যামবার্ট বলেছেন, ২০১১ সালের শুরু থেকে ২০১২ সালের ডিসেম্বর পর্যন্ত সময় এনএফসির প্রাথমিক অবস্থাতেই ৩০ মিলিয়ন মানুষ প্রায় ৫৬ দশমিক ৯ মিলিয়ন মার্কিন ডলারের লেনদেন সম্পন্ন করেছে। এনএফসির দ্রুত জনপ্রিয়তার কারণে আগামী তিন বছরের মধ্যে এই লেনদেন শুধু শত কোটি বিলিয়ন নয়, হাজার কোটিতে পৌঁছে যাবে, আর এর সঙ্গে যুক্ত হবে কমপক্ষে দুই বিলিয়ন মানুষ। এবার নতুন ভ্যালু অ্যাডেড সার্ভিসের ক্ষেত্রে ‘মেশিন টু মেশিন’ ইন্টারনেট সংযোগই প্রধান সার্ভিস হিসেবে কংগ্রেসে উঠে এসেছে। এর মাধ্যমে গাড়ি, টিভি, ফ্রিজ, বৈদ্যুতিক বাতি, ফ্যানসহ নিত্যব্যবহার্য সবকিছু চলে আসবে মোবাইল ইন্টারনেটের আওতায়। এনএফসির মাধ্যমে মোবাইল ফোন হবে মানিব্যাগ কিংবা ব্যাংকের এটিএম কার্ড। এ বছরের মধ্যেই বর্তমান মোবাইল গ্রাহকের অন্তত ৩০ শতাংশকে মেশিন টু মেশিন সার্ভিসের আওতায় নিয়ে আসার পরিকল্পনা নেয়া হয়েছে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে।
গত বৃহস্পতিবার ভেঙেছে ১২৫টি দেশের ৭৫ হাজার মানুষের মিলন মেলা। পরবর্তী মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস কি বার্সেলোনাতেই হবে? এই ব্যাপারটি এখনও চূড়ান্ত হয়নি। তবে কংগ্রেসের জন্য বার্সেলোনার বিকল্প কোন শহর আছে বলে মনে করেন না বিশ্বের অন্যতম তথ্য-প্রযুক্তি বিশ্লেষক সিয়াম কুপার। মার্চের মধ্যেই জায়গা চূড়ান্ত হয়ে যাবে। তবে আগামী কংগ্রেস যে ২৪ থেকে ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে সে সিদ্ধান্ত আগেই হয়েছে। আয়োজক জিএসএমএ লিমিটেডের প্রধান নির্বাহী জন হফম্যান বিদায়ী ঘোষণায় স্পষ্টই বলে দিয়েছেন, আগামী বছরের শীতে আবারও বার্সেলোনায় দেখা হবে আমাদের, সেই প্রত্যাশা রেখে এবারের কংগ্রেসের জন্য জ্বলে ওঠা সবগুলো বাতি নিভিয়ে দেয়ার ঘোষণা দিচ্ছি। তিনি বলেন, এনএফসি এবং মেশিন টু মেশিনের মত নতুন চ্যালেঞ্জ ২০১৩ সালের মধ্যেই প্রচলিত মোবাইল ফোন এবং সার্ভিসের ধারণা বদলে দেবে। সেই চ্যালেঞ্জ জয় করে নতুন সম্ভাবনাকে ধারণ করে আগামী ২০১৪ সালে আয়োজন করা হবে পরবর্তী মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসের।
