জামায়াত-শিবিরের সহিংসতা

মিরপুরে নিহত বৃদ্ধের মামলায় আসামি ১৩৫

আপডেট : ০১ মার্চ ২০১৩, ২২:৪৫
জামায়াত-শিবিরের সহিংসতায় রাজধানীর মিরপুর-১ নম্বরে কৃষক মোসলেম উদ্দিন (৬৫) নিহত হওয়ার ঘটনায় ১৩৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। নিহতের ছেলে মিন্টু মোল্লা বাদী হয়ে গত বৃহস্পতিবার মধ্যরাতে এ মামলা করেন। আসামিদের মধ্যে ৩৫ জন বিএনপি-জামায়াতের নেতাকর্মী এবং বাকি ১০০ জনকে অজ্ঞাতপরিচয় হিসাবে মামলায় উল্লেখ করা হয়েছে। তবে অভিযুক্তদের কাউকেই এখনো পুলিশ গ্রেফতার করতে পারেনি । মিরপুর-১ নম্বরের পাইকপাড়া এলাকায় গত বৃহস্পতিবার সন্ধ্যায় জামায়াত-শিবিরের কর্মীরা ১০ থেকে ১৫টি বোমার বিস্ফোরণ ঘটায়। এরপর সেখানে মোসলেমকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিত্সকরা মৃত ঘোষণা করেন। হত্যা মামলার এজাহারে নিহতের ছেলে মিন্টু বলেন, তার বাবা চা খাওয়ার জন্য পাইকপাড়ার আহম্মদনগরের বাড়ি থেকে সন্ধ্যায় বের হন। এরপর রাস্তায় হাঁটার সময় বোমার আঘাতে তার মৃত্যু হয়। মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর থানার এসআই রফিকুল ইসলাম জানান, আসামিদের কাউকে এখনো গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে হত্যাকাণ্ডের পর থেকেই জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে। নিহত মোসলেম মানিকগঞ্জের হরিরামপুরের ছয়নিগালা গ্রামে থাকতেন। মেয়ে কলি আক্তারকে স্বামীর বাসায় পৌঁছে দিতে তিনি ঢাকায় এসেছিলেন।