শিক্ষার্থীদের দায়িত্বশীলতা, নেতৃত্বগুণ, বিশ্লেষণ ক্ষমতা বৃদ্ধি, চ্যালেঞ্জ মোকাবেলার দক্ষতা ও সঠিক উদ্যোক্তা তৈরির লক্ষ্যে ‘অর্থপূর্ণ জীবনের জন্য ব্যবসা’ স্লোগান নিয়ে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিজনেস অ্যান্ড এডুকেশন ক্লাব ও ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের যৌথ উদ্যোগে গত ২৫ থেকে ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়ে গেল ‘বিজনেস ফেস্টিভাল-২০১৩’। তিন দিনব্যাপী এ উত্সবে ছিল তরুণ উদ্যোক্তা মেলা, বিজনেস কেস কম্পিটিশন, কুইজ প্রতিযোগিতা, সেমিনার, মিট দ্য লিডারস সেশান, রচনা প্রতিযোগিতা, বিজনেস মুভি, ওয়ার্কশপ ও বিজনেস ড্রামা। এতে বিভিন্ন ইভেন্টে ৬৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। ২৭ ফেব্রুয়ারি তিন দিনব্যাপী এ উত্সবের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমেরিকান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমচ্যাম)-এর সভাপতি আফতাব উল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্ট্রি বোর্ডের চেয়ারম্যান মো. সবুর খান। সভাপতিত্ব করেন ডিআইইউ-এর উপাচার্য অধ্যাপক ড. এম লুত্ফর রহমান। সমাপনী এই অতিথি এবং বক্তারা শিক্ষার্থীদের পেশাগত জ্ঞানার্জন, সততা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।
